• Home
  • জেলার খবর
  • বঙ্গে আসবেন নীতীন নবীন, এরপর প্রচার চালাবেন মোদি-শাহ

বঙ্গে আসবেন নীতীন নবীন, এরপর প্রচার চালাবেন মোদি-শাহ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বঙ্গ বিজেপির সাংগঠনিক অবস্থা দেখতে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে চলতি মাসের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে তাঁর বঙ্গ সফর হতে চলেছে এবং এতে সাংগঠনিক শক্তি দেখতে একটানা বৈঠক করবেন তিনি। পাশাপাশি, পৃথকভাবে বৈঠক করবেন পাঁচটি সাংগঠনিক জোনের নেতৃত্বের সঙ্গে। 

নীতীন নবীন ফিরে যাওয়ার পর রাজ্যে জোরদার প্রচার চালাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রের খবর, প্রধানমন্ত্রী সফরের দিনক্ষণ ঠিক না করা হলেও মনে করা হচ্ছে যে তা পরিষ্কার হতে পারে রামনবমীর পর বা ৩০ মার্চের পর। বেশ কয়েকটি জনসভার পাশাপাশি হবে রোড শো। ২৪-২৭ এপ্রিলের মধ্যে তা হবে কলকাতায়। এছাড়া হবে শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোলে। এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিভাগের তরফ থেকে নিরাপত্তা ও রাস্তাঘাটের অবস্থা তদন্ত করে দেখে। 

সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্তত দশটি জনসভা করবেন আগামী দেড় মাসে। দলীয় সূত্রের খবর, প্রধানমন্ত্রী একটি করে জনসভা করবেন রাজ্যের পাঁচ সাংগঠনিক জোনের প্রত্যেক জোনে। পাশাপাশি প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top