দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোট নিয়ে তোলপাড় চলছে রাজ্যের রাজনীতিতে। গোটা বাংলা নিয়েছে যুদ্ধের ময়দানের রূপ। মসনদকে পাখিরচোখ করে ঝাঁপিয়ে পড়েছে সকল দল। এই আবহে বাংলার মাটিতে পা রাখলেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সংগঠনের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি এলেন পশ্চিমবঙ্গে।
জানা যাচ্ছে, এই দুদিনের সফরে সংগঠনের বর্তমান পরিস্থিতি যাচাই করে দেখতে একটানা বৈঠক করবেন তিনি। পাশাপাশি, পৃথকভাবে বৈঠক করবেন রাজ্যের পাঁচ সাংগঠনিক জোনের নেতৃত্বের সঙ্গেও। এছাড়াও বৈঠক করবেন দলের আইটি সেল, সোশাল মিডিয়া দলের সঙ্গেও। সূত্রের খবর, বৈঠকে প্রচার সহ একাধিক বিষয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর আলোচনা হতে পারে। আলোচনা হতে পারে নিচুতলার কর্মীদের মধ্যে প্রার্থী নিয়ে অসন্তোষের বিষয়টি নিয়েও।
তবে সূত্র মারফত জানা গিয়েছে যে নীতিন নবীন ফিরে যাওয়ার পর বঙ্গ বিজেপির হয়ে রাজ্যে জোরদার প্রচার চালাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক জনসভা ও রোড শো রয়েছে তাঁর। ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যে কলকাতায় রোড শো হবে। পাশাপাশি হবে শিলিগুড়ি, দুর্গাপুর বা আসানসোলের মতো শহরেও।



By









