দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁদের সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন তিনি। এরপর তিনি জানান, “আমাদের সকলের দাবি, যে নরখাদকগুলো এই ঘটনা ঘটিয়েছে, তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। যেহেতু মেয়েটি ১৮ বছরের নিচে ছিল, সেক্ষেত্রে পকসোতে মামলা রুজু করা হলে দোষীদের ফাঁসি দেওয়া হোক এটাই চাই। যে ভয় আউট ভরসা ইনের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেটা বাস্তবে প্রতিফলিত হচ্ছে, সেটাই আমরা দেখতে চাই।”
তিনি আরো বলেন, “পুলিশের ভূমিকা তো অবশ্যই আছে, যেখানে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আরেকটি মেয়ের দেহ উদ্ধার হয় কি করে? তারপর একজন অভিযুক্তকে যখন পুলিশ ফাঁড়িতে স্থানীয়রা ধরে নিয়ে গেছিল, তখন কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। অভিযোগ দায়ের হলেও দেখছি দেখছি করে যায় তৃণমূল আমলের মতোই। তো পুলিশের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা গ্রহণ করা দরকার।”
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত রবিবার থেকে। এই নারকীয় হত্যাকাণ্ডটি ঘটে বারুইপুর থানা এলাকায়। এরপর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। অভিযানে তাদের সঙ্গ দেয় এসটিএফের বিশেষ দলও। ঘটনার তদন্ত করতে পুলিশ সুপার পিনাকী দত্তের নেতৃত্বে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়। এছাড়া একাধিক মামলা দায়ের করা হয়েছে ঘটনায়।
রবিবার দুজনকে গ্রেপ্তার পর গভীর রাতে আটক করা হয় তিনজনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য হাতে লাগে তদন্তকারীদের। একজনের বক্তব্য, মৃত নাবালিকাকে অপহরণ করে পরিবারের থেকে টাকা নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তদন্ত করে অন্য তথ্য হাতে লেগেছে। জানা গিয়েছে, পরিবারের কাছে মুক্তিপণ সংক্রান্ত কোনও ফোন বা বার্তা আসেনি এবং সেই সন্দেহ থেকে ধৃতদের দেওয়া বয়ানের সত্যতা নিপুণভাবে দেখছেন তদন্তকারীরা। সোমবার সকল অভিযুক্তকে আদালতে তোলা হয়। সেদিন দুপুরেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত বলে সিটের প্রাথমিক তদন্তে জানতে পারা আনন্দ সর্দারকে। এদিকে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুসারে, যৌন নির্যাতনের পর মাথায় আঘাত করা হয়েছে ভারী কিছু দিয়ে। প্রসঙ্গত, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা হয়েছে রাজ্যের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর। অপরাধীদের কড়া শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।



By










