দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় এবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী সহ দলের প্রতিনিধিরা। এছাড়াও ছিলেন দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক রতন বাগচী সহ আরও অনেকে। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে তাঁদের তরফ থেকে। শুধু তাই নয়, আইনি লড়াইয়ের ক্ষেত্রেও পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।
পরিবারের সঙ্গে কথা বলার পর সুজন চক্রবর্তীর বক্তব্য, “আরজি কর কাণ্ডে এখনও বিচার পাওয়া যায়নি। এবার তা হতে দেব না। যারা অপরাধ করেছে ও যারা অপরাধীদের প্রশ্রয় দিয়েছে, দুজনেরই কঠোরতম শাস্তি চাই।” বর্ষিয়ান বাম নেতা জানিয়েছেন, পরিবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলতে চেয়েছে এবং করা হবে সেই ব্যবস্থা। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও সঠিক পদক্ষেপ না করার অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে সংশ্লিষ্ট থানা ঘেরাও করা হয়েছে মহিলা সমিতি, এসএফআই, ডিওয়াইএফআই সহ সিপিএমের বিভিন্ন গণ-সংগঠনের নেতা-কর্মীদের তরফ থেকে। এছাড়া, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, বীরভূম সহ উত্তর ও দক্ষিণবঙ্গের নানা জায়গায় ডিওয়াইএফআই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভও করেছে।
এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা আগামীদিনে এই ঘটনা সংক্রান্ত বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা, সেই সংক্রান্ত একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। তবে এই ঘটনাটি রীতিমত তোলপাড় ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। প্রশ্নের মুখে পড়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার। সেক্ষেত্রে দেখার যে আগে কী হয়।



By










