• Home
  • দেশ
  • বেশ রাত পর্যন্ত বৈঠক, রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন অজিতপুত্র পার্থ

বেশ রাত পর্যন্ত বৈঠক, রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন অজিতপুত্র পার্থ

Image

দেবজিৎ মুখার্জি: হতে চলেছে মহারাষ্ট্রের ৭ রাজ্যসভা আসনে ভোট। ইতিমধ্যেই সমস্ত শিবিরের তরফ থেকে প্রস্তুতি শুরু হয়েছে এটিকে ঘিরে। এরই মাঝে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে করা হলো বড় দাবি। কী সেই দাবি? এই নির্বাচনে লড়বেন মহারাষ্ট্রের প্রাক্তন প্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পুত্র পার্থ পাওয়ার। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সোমবার বেশ রাত পর্যন্ত বৈঠক হয় এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেলের বাড়িতে এবং সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গিয়েছে, শুধু প্রার্থী ঠিক করা নিয়েই নয়, আলোচনা হয়েছে দলের পরবর্তী স্টেট এক্সিকিউটিভ মিটিংয়ের প্রস্তুতি নিয়েও। সেই বৈঠক হওয়ার কথা চলতি মাসের ২৬ তারিখে। সেই বৈঠকে অজিত পাওয়ারের স্ত্রী, তথা মহারাষ্ট্রের বর্তমান উপমুখ্যমন্ত্রী, সুনেত্রা পাওয়ারকে ঠিক করা হতে পারে দলের পরবর্তী জাতীয় সভাপতি হিসেবে।

এদিকে বিজেপির তরফ থেকেও আলোচনা শুরু হয়েছে রাজ্যসভায় প্রার্থী করা নিয়ে। মঙ্গলবার রাত দশটা নাগাদ বৈঠক হওয়ার কথা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের বাড়িতে এবং সেখানেই প্রার্থী বেছে নেওয়া হবে। চারটি আসনে তারা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রামদাস আটোয়ালের নাম একপ্রকার পাকা। বাকি তিনটিতে প্রার্থী হতে পারেন বিনোদ তাবড়ে, বিজয়া রহাটকর ও ধৈর্যশীল পটেল। অন্যদিকে মহাবিকাশ আঘোড়ির ঝুলিতে ৪৯ বিধায়কের সমর্থন রয়েছে এবং তার ভিত্তিতে একজনকেই প্রার্থী করা যেতে পারে। সবমিলিয়ে মহাজুটি গটবন্ধন মোট ছয় আসনে প্রার্থী দিতে পারে। কিন্তু মনে করা হচ্ছে যে সরকারপক্ষই জিততে পারে।

এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। যেই পরিকল্পনা নিয়ে সমস্ত পক্ষ নামছে, তা কাজে লাগে কিনা। এমন পরিকল্পনা মহারাষ্ট্রের রাজনীতিতে কোনও পরিবর্তন আনে কিনা বা কোনও পলিটিক্যাল টুইস্ট দেখা যায় কিনা, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সেই রাজ্যের রাজনৈতিক মহলে। তবে কি হচ্ছে বা হতে চলেছে, সেই সবটা বোঝা যাবে আর কিছুদিনের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top