দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: দ্বিতীয় দফার ভোটের দুদিন আগে, রবিবার রাতে, যুদ্ধের ময়দানের রূপ নিল জগদ্দল থানা চত্বর। রবিবার সন্ধ্যায় আটচালা বাগান এলাকায় সংঘর্ষে জড়ান তৃণমূল ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে নামে র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী। প্রতিবাদ ও শাসক শিবিরের বিরুদ্ধে অভিযোগ জানাতে জগদ্দল থানায় আসেন স্থানীয় বিজেপি প্রার্থী, তথা প্রাক্তন আইপিএস অফিসার, রাজেশ কুমার এবং নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। পদ্ম শিবিরের অভিযোগ, থানার অন্দরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর চড়াও হন। ইটবৃষ্টি শুরু হয়। পরিস্থিতি এই পর্যায়ে যায় যে বিজেপি প্রার্থীদের থানার অন্দরেই অনেকক্ষণ আটকে থাকতে হয় নিরাপত্তার জন্য।
থানা থেকে বেরিয়ে ক্ষোভ উগরে দিয়ে রাজেশ কুমার বলেন, “আমার বিরুদ্ধে মানুষকে উস্কে দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। থানার ভিতরে পালিয়ে গিয়েছেন আইসিরা এবং গুন্ডারা এসে পিটিয়েছে আমাদের লোকেদের। এই চটিচাটা পুলিশ আক্রমণ করিয়েছে গুন্ডাদের দিয়ে।” অন্যদিকে ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্তার অভিযোগ, তাঁদের এক কর্মীকে বিজেপি কর্মীরাই প্রথমে মারধর করেছেন। তাঁর আরও অভিযোগ, অর্জুন সিং ও তাঁর অনুগামীরা বিশৃঙ্খলা তৈরি করেন থানায় এসে এবং চড়াও হন স্থানীয়দের উপর।
পুলিশ শেষ পর্যন্ত লাঠিচার্জ করে দু’পক্ষের সংঘর্ষ ও ইটবৃষ্টি সামাল দিতে। বর্তমানে থমথমে গোটা এলাকায় পরিস্থিতি। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।



By










