দেবজিৎ মুখার্জি, কলকাতা: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার এবং এরপর অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানাতে পথে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে দলীয় সাংসদ, বিধায়ক ও কর্মী-সমর্থকদের নিয়ে তিনি মোমবাতি মিছিল করেন হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং সংলগ্ন এলাকায়।
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত রবিবার থেকে। এই নারকীয় হত্যাকাণ্ডটি ঘটে বারুইপুর থানা এলাকায়। এরপর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। অভিযানে তাদের সঙ্গ দেয় এসটিএফের বিশেষ দলও। ঘটনার তদন্ত করতে পুলিশ সুপার পিনাকী দত্তের নেতৃত্বে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়। এছাড়া মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে ঘটনায়।
রবিবার দুজনকে গ্রেপ্তার পর গভীর রাতে আটক করা হয় তিনজনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য হাতে লাগে তদন্তকারীদের। একজনের বক্তব্য, মৃত নাবালিকাকে অপহরণ করে পরিবারের থেকে টাকা নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তদন্ত করে অন্য তথ্য হাতে লেগেছে। জানা গিয়েছে, পরিবারের কাছে মুক্তিপণ সংক্রান্ত কোনও ফোন বা বার্তা আসেনি এবং সেই সন্দেহ থেকে ধৃতদের দেওয়া বয়ানের সত্যতা নিপুণভাবে দেখছেন তদন্তকারীরা। সোমবার সকল অভিযুক্তকে আদালতে তোলা হয়। এদিন দুপুরেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত বলে সিটের প্রাথমিক তদন্তে জানতে পারা আনন্দ সর্দারকে। এদিকে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুসারে, যৌন নির্যাতনের পর মাথায় আঘাত করা হয়েছে ভারী কিছু দিয়ে। প্রসঙ্গত, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা হয়েছে রাজ্যের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর। অপরাধীদের কড়া শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে।



By










