• Home
  • জেলার খবর
  • “অপরাধীদের আড়াল করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়” বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

“অপরাধীদের আড়াল করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়” বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক বড় পদক্ষেপ নিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী, যার প্রশংসা এসেছে বিভিন্ন মহল থেকে। শুক্রবার আরও এক কড়া পদক্ষেপ নিলেন তিনি। আরজি কর কাণ্ডে কয়েকজন পুলিশ আধিকারিক টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন নির্যাতিতার মাকে এবং এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। 

প্রাক্তন বিরোধী দলনেতার এই সিদ্ধান্তের পর বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার মা, তথা পানিহাটির বিধায়ক, রত্না দেবনাথ। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হলে সবটা জানা যাবে। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অপরাধীদের আড়াল করে রেখেছেন এবং ঘাসফুল শিবির রাখতে দেয়নি শেষ প্রমাণটুকুও। 

রত্না দেবনাথ বলেন, “সেমিনার রুমে ছিলেন এই আইপিএস অফিসাররা। প্রেস মিট করে ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যে কথা বলেছেন। আমার মেয়ের ডেডবডির সামনেই অভিষেক গুপ্তা টাকা ধরাতে এসেছিল। সেটা যেন না বলি আমরা, তার জন্য দেওয়া হয়েছিল হুমকি। আমাদের বলা হতো মেয়ের বিচার হবে না কিছু বললে।”

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন রত্না দেবনাথ। তিনি বলেন, “মাথায় হাত রেখে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেটার দাম রেখেছেন উনি। অপরাধীদের আড়াল করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন করছেন? অপরাধীদের আড়াল করতে কোটি কোটি টাকা খরচ করেছেন জনগণের ট্যাক্সের। জবাব দিতে হবে। সব জানা যাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করলেই। শেষ প্রমাণটুকুও তৃণমূল কংগ্রেস রাখতে দেয়নি।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয় কিনা।

উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে ২০২৪ সালে। বিষয়টি জানাজানি হতেই তোলপাড় চলে গোটা বাংলায়। পথে নেমে প্রতিবাদ জানান জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশ। লাগাতার বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসকে। যদিও তারাও পাল্টা দেয় বিরোধীদের।

শেষ পর্যন্ত ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে সাজা পান ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের। যদিও অনেকে এখনো মনে করেন যে ঘটনায় হাত রয়েছে হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় অভয়ার মা রত্না দেবনাথকে এবং সেখান থেকে তিনি জয়ও পান এবারের বিধানসভা নির্বাচনে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top