দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যুদ্ধের ময়দানের চেহারা নিয়েছে তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে ভোটের হাওয়া বইছে গোটা রাজ্যে। আর কিছুদিন পরই রাস্তায় নামবেন রাজ্যবাসী নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে।
এই আবহে এসটি, এসসি, ওবিসি ভোট নিজের ঝুলিতে টানতে বড় ঘোষণা করা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কী ঘোষণা করলেন তিনি? তৃণমূল সুপ্রিমো জানান যে তাদের উন্নয়নের জন্য সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করা হবে। শুধু তাই নয়, এই ব্যাপারে তিনি এও জানান যে গঠন করা বোর্ড কাজ করবে তাঁদের ভাষা, ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি কেন্দ্রিক ব্যাপারে।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সুপ্রিমো মুন্ডা(এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি), সদগোপদের (ওবিসি) জন্য পাঁচটি নতুন উন্নয়ন পর্ষদ তৈরি করার কথা জানান। সকলকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “এই বোর্ডগুলি নিশ্চিত করবে উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চাকরি। পাশাপাশি রক্ষা করবে তাঁদের ভাষা ও ঐতিহ্য এবং আনবে আরও সোসিও-ইকোনমিক গ্রোথ।”
তিনি আরো লিখেছেন, “২০১৩ সাল থেকে অল-রাউন্ড ডেভেলপমেন্ট নিশ্চিত করতে আমরা এই জাতীয় অনেক বোর্ড তৈরি করেছি আমাদের দুর্বল সম্প্রদায়ের জন্য। আমরা বদ্ধপরিকর যেকোনও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মুখে হাসি ফোটাতে, আমাদের অঙ্গীকার মা-মাটি-মানুষের প্রতি।”



By











