কালীঘাটে ডিম হামলার শিকার কুণাল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার ডিম হামলার শিকার হলেন বেলেঘাটার বিধায়ক, তথা তৃণমূল নেতা, কুনাল ঘোষ। সোমবার ঘটনাটি ঘটেছে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় কালীঘাটে। সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে হঠাৎ তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন এক যুবক এবং ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন যে অনেক অত্যাচার করেছেন। এরপর তিনি এলাকা ছাড়েন। ঘটনা প্রসঙ্গে বেলেঘাটার বিধায়ক বলেন, “এক মাঘে শীত যাবে না।”

এদিন বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন কুনাল ঘোষ। তিনি সেখান থেকে বেরোন সাড়ে ৬টা নাগাদ। তখন এক যুবক ডিম ছোড়েন তাঁকে লক্ষ্য করে। বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করলেও মাথায় ডিম লাগে তৃণমূল নেতার। হামলাকারী যুবক নিজেকে এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন। তাঁর নাম চন্দন। তাঁর বক্তব্য, “অনেক অন্যায় করেছে। এটা প্রাপ্য ছিল ওনার। সবাই জানে উনি কী কী করেছেন। আর কিছু বলার নেই নতুন করে।” এরপর তিনি ঘটনাস্থল ছাড়েন।

এই প্রসঙ্গে কুনাল ঘোষের বক্তব্য, “মমতাদির বাড়ি থেকে বেরনোর পর দাঁড়িয়ে ছিলাম সংবাদমাধ্যমের সাথে কথা বলার জন্য। আমার হাতের নাগালেই দুটি ছেলে ছিল। একজন ডিম ছুড়ল, পালিয়ে গেল। কোনও প্রতিবাদ কেউ করল না, বাধা দিল না, চেষ্টা করল না ওদের ধরার।” অত্যাচারের অভিযোগ প্রসঙ্গে তৃণমূল বিধায়কের বক্তব্য, “কে অত্যাচার করেছে? আমি করেছি? মমতাদি করেছে? করলে করেছে থানা-পুলিশ। তার দায় আমার? ওকে জিজ্ঞেস করুন কে দিয়েছে ওর চাকরি?” ঘটনায় নিরাপত্তা প্রসঙ্গেও প্রশ্ন তোলেন কুনাল ঘোষ। তিনি বলেন, “জেড ক্যাটাগরির নিরাপত্তা পান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর বাড়ির ১০ মিটারের মধ্যে এই ঘটনা, তাহলে কোথায় নিরাপত্তা।” পাশাপাশি এও মনে করিয়ে দেন, “এক মাঘে শীত যাবে না।” এরপর তিনি এলাকা থেকে বেরিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top