দেবজিৎ মুখার্জি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো সংক্রান্ত মামলায় বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের। কী নির্দেশ দিল আদালত? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয় যে পুজোকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা দেখতে হবে। এখানেই শেষ নয়, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে এটাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে প্রয়োজন পড়লে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে লোকাল থানাকে।
শুনানিতে রাজ্যের আইনজীবী, তথা তৃণমূল কংগ্রেস সাংসদ, কল্যান বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে আগে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং এবারও তা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগাম ব্যবস্থা নেওয়া জরুরি এবং এতে দরকার আদালতের হস্তক্ষেপ।
এরপর আদালতের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে আইনশৃঙ্খলা ঠিক রাখার সমস্ত দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এবং দরকার হলে স্থানীয় থানার সঙ্গে মিলে কাজ করতে হবে। কোর্ট এও স্পষ্ট করে দেয় যে কোনরকম অবহেলা মেনে নেওয়া হবে না। সিসিটিভি লাগানোর কাজ নিয়ে প্রশ্ন করা হলে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় যে চার সপ্তাহের মধ্যে তা হয়ে যাবে।
উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত সম্প্রতি ক্যাম্পাসের ভিতরে সরস্বতী পুজোর আয়োজন করাকে ঘিরে। পূজো নিয়ে আপত্তি না দেখানো হলেও আয়োজক ও আমন্ত্রিতদের বিরুদ্ধে আওয়াজ তোলা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশের তরফ থেকে। এমনকি পুজোর নামে অশান্তির অভিযোগ পর্যন্ত তোলা হয়। এরপরই জল গড়ায় আদালত পর্যন্ত। দায়ের করা হয় মামলা।



By










