দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার, ১৩ মে, বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়ী দলের বিধায়করা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক, তথা প্রাক্তন মন্ত্রী, মদন মিত্রও। শপথগ্রহণের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন।
মদন মিত্রের বক্তব্য, “২০১১ সালে লক্ষাদিক মানুষ হাঁটতে হাঁটতে গিয়েছিলেন যেদিন শপথ নিতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে একটা সিপিএমের ৩৪ বছরের মুক্তির স্বাদ ছিল। যিনি এবার মুখ্যমন্ত্রী হয়েছেন। কেমন নির্বাক হয়ে গিয়েছেন বাংলার মানুষ। কোথাও কোনও উচ্ছ্বাস, আনন্দ নেই।” তাঁর সংযোজন, “আমিও ভেঙে পড়েছি ব্যক্তিগত, মানসিকভাবে এমন একটি বিধানসভা যেখানে নেই মমতা বন্দ্যোপাধ্যায়।”
ঠিক তখনই বিজেপি বিধায়ক অর্জুন সিংকে মদন মিত্রের পাশে দাঁড়াতে অনুরোধ করা হয়। তিনি হাসিমুখে এগিয়ে আসেন। পুরোনো রাজনৈতিক সম্পর্কের ইঙ্গিত দিয়ে তাঁর বক্তব্য, “একসাথেই আছি। মদন দা যেকোনও মুহূর্তে চলে আসবেন আমাদের সঙ্গে।” স্বাভাবিকভাবেই এর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে শীঘ্রই কি দলবদল করতে চলেছেন মদন মিত্র। কী হতে চলেছে আগামীদিনে? তা বলবে সময়।



By










