• Home
  • দেশ
  • ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি: কৃষক নেতাদের সঙ্গে বৈঠক রাহুলের, নাটক কটাক্ষ বিজেপির

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি: কৃষক নেতাদের সঙ্গে বৈঠক রাহুলের, নাটক কটাক্ষ বিজেপির

Image

দেবজিৎ মুখার্জি: বর্তমানে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে জাতীয় রাজনীতিতে তুঙ্গে রাজনৈতিক তরজা। প্রতিনিয়তই বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে গেরুয়া শিবিরকে। এই পরিস্থিতিতে কৃষক নেতাদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। শোনা যাচ্ছে, কৃষক নেতাদের তরফ থেকে গোটা দেশে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। যদিও এটিকে ‘নাটক’ বলে কটাক্ষ করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে।

সম্প্রতি, ভারত ও আমেরিকার মধ্যে সই হয় বাণিজ্যচুক্তি। তার বিরোধিতা জানিয়ে সংসদে আওয়াজ তুলেছেন বিরোধীরা। বিশেষ করে হাত শিবিরের প্রভাবশালী সাংসদ, তথা সোনিয়া গান্ধীর পুত্র, রাহুল গান্ধী প্রতিনিয়ত আক্রমণ করে চলেছেন মোদি সরকারকে। কয়েকদিন আগে তিনি দাবি করেছেন, “আপোস করা হয়েছে কৃষকদের স্বার্থের সঙ্গে। বিশাল বিপদের মুখে পড়বেন কৃষকরা যদি দেশের বাজারে ছেয়ে যায় আমেরিকার কৃষিপণ্য।”

এবার বাণিজ্যচুক্তি নিয়ে কেন্দ্রের প্রতি আক্রমণের বিষয়ে আরো একধাপ এগোলো রাহুল গান্ধী সহ গোটা কংগ্রেস। দেশের ১৭টি কৃষক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন রাগা। সূত্র মারফত জানা গিয়েছে যে কৃষকরা এই বাণিজ্যচুক্তি নিয়ে চিন্তিত। তাঁদের বক্তব্য, ক্ষতির মুখ দেখবেন সেই কৃষকরা, যাঁরা ভুট্টা, সয়াবিন, তুলো, ফল এবং বাদাম চাষ করেন।

এই বৈঠকের পরই কটাক্ষ করতে নামে গেরুয়া শিবির। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেন যে কৃষকদের কেন্দ্রের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে উসকে দিতে চাইছেন রাহুল গান্ধী। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “আবার নাটক করছেন রাহুল। উনি তুলে ধরছেন নিজের মনগড়া তত্ত্ব। এবার তিনি গুলি চালাচ্ছেন তাঁর দলের কিছু কর্মীর কাঁধে বন্দুক রেখে, যাঁরা নাটক করছেন কৃষক নেতা হওয়ার।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। এর জেরে কৃষকদের কি হয়, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে জাতীয় রাজনীতিতে। তবে বিরোধীরাও যে কেন্দ্রকে এই নিয়ে ছেড়ে কথা বলবে না, তা না বললেও চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top