• Home
  • দেশ
  • “ইন্দিরার মতো নেতা থাকলে নিষিদ্ধ করতেন বিজেপিকে” বিস্ফোরক মন্তব্য গেহলটের

“ইন্দিরার মতো নেতা থাকলে নিষিদ্ধ করতেন বিজেপিকে” বিস্ফোরক মন্তব্য গেহলটের

Image

দেবজিৎ মুখার্জি: বিজেপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা কংগ্রেস নেতা, অশোক গেহলট। কী বক্তব্য তাঁর? এক অনুষ্ঠানে জরুরি অবস্থার স্মৃতি উসকে দিয়ে তিনি বলেন যে যদি ইন্দিরা গান্ধী বেঁচে থাকতেন, তাহলে নিষিদ্ধ করে দিতেন গেরুয়া শিবিরকে। যদিও বিজেপির তরফ থেকেও এই মন্তব্যের পাল্টা দেওয়া হয়েছে। তারা কংগ্রেসকে ফের ‘হিন্দু বিদ্বেষী’ তকমা দিয়েছে।

অনুষ্ঠানে অশোক গেহলট বলেন, “যদি ইন্দিরা গান্ধীর মতো আজ কোনও নেতা থাকতেন, তাহলে অবশ্যই নিষিদ্ধ করতেন বিজেপিকে।” তিনি আরও বলেন, “দায়িত্ব নিয়ে আমি বলছি, বেশ ভয়ঙ্কর বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতিতে যদি সচেতন না হন দেশের মানুষ, তাহলে ফল ভুগতে হবে দেশবাসীকেই।” তাঁর কথায়, ধর্মের রাজনীতি করছে গেরুয়া শিবির এবং সেই কারণেই তারা টিকিট দেয় না মুসলিম রাজনীতিকদের। 

বিজেপিকে লক্ষ্য করে মরুরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “লোক দেখানোর জন্য হলেও বিজেপি মুসলিম প্রার্থী কয়েকটা আসনে দিতে পারে। কিন্তু তারা দেখাতে চায়, শুধু হিন্দুদের এই দলটা। তারা ক্ষমতায় শুধু হিন্দুত্ব উসকে দিয়ে থাকতে চায়। সেই কারণেই আজ ইন্দিরা গান্ধীর মতো নেতৃত্ব থাকলে নিষিদ্ধ করতেন বিজেপিকে। একটা রাজনৈতিক দল কি শুধু হিন্দুত্ব দিয়ে চলতে পারে? রাজনীতি করা যায় হিন্দুদের কাজে লাগিয়ে?” প্রসঙ্গত, জরুরি অবস্থা চলাকালীন ইন্দিরা গান্ধীর প্রশাসনের তরফ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আরএসএসকে।

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি বলেন, “অশোক গেহলটের কথাতেই স্পষ্ট যে কংগ্রেস আসলে হিন্দু বিদ্বেষী। সুপ্রিম কোর্ট জানিয়েছে জীবনধারণের অংশ হিন্দুত্ব। সেটা কী করে কেউ নিষিদ্ধ করতে পারে? আসলে কংগ্রেস মুসলিমদের দল, তাই ওরা মুসলিমদের স্বার্থ রক্ষা করে সকলের আগে। কিন্তু হিন্দুত্ব নিয়ে কিছু বললেই, সেটা অপরাধ ওদের কাছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top