• Home
  • জেলার খবর
  • প্রার্থী হয়ে দাঁড়ালে সেলিম-অধীরকে সমর্থন করবেন হুমায়ুন

প্রার্থী হয়ে দাঁড়ালে সেলিম-অধীরকে সমর্থন করবেন হুমায়ুন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিমকে নিয়ে বড় মন্তব্য করলেন জনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যান হুমায়ুন কবির। কী বললেন তিনি? জেইউপি প্রধানের বক্তব্য, অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য তিনি কোনও পদক্ষেপ করবেন না এবং যদি মহাম্মদ সেলিম মুর্শিদাবাদের কোন আসন থেকে প্রার্থী হয়ে দাঁড়ান, তাহলে তাঁকে সমর্থন করবেন। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেইউপি প্রধান বলেন, “বিধানসভায় অধীরবাবুর মতো লোকেদের প্রয়োজন। তিনি যদি দাঁড়ান হাত প্রতীকের হয়ে, তাহলে ওনাকে পরাজিত করার জন্য কোনও পদক্ষেপ করব না। জেতানোর চেষ্টা করব ওনাকে।” মহাম্মদ সেলিম প্রসঙ্গে তিনি বলেন, “উনি যদি মুর্শিদাবাদের কোনও আসন থেকে প্রার্থী হয়ে দাঁড়ান, তাহলে সমর্থন করবো ওনাকে। চেষ্টা করব যাতে সেলিম বিধায়ক হন।” তিনি যে বামফ্রন্টের সঙ্গে নেই, তা স্পষ্ট করে দেন। পাশাপাশি একহাত নেন ফরওয়ার্ড ব্লককে। হুমায়ুন কবির বলেন, “একটা অস্তিত্বহীন পার্টি ফরওয়ার্ড ব্লক। এদের নিয়ে থাকুক বামফ্রন্ট।”

যদিও অধীর রঞ্জন চৌধুরীর প্রশংসা কয়েকদিন আগেও করেছিলেন হুমায়ুন কবির। কী বলেছিলেন তিনি? জেইউপি প্রধান বলেছিলেন, “ইউসুফ তো আসেন না। একদিনও দেখা করতে যায়নি মানুষের সঙ্গে জয়ের পর। আজ আমরা অনুতপ্ত, ভোট দিতে বলেছিলাম মানুষকে ওঁর মতো একটা ফালতু লোককে বড় খেলোয়ার ভেবে। আমরা ও জেলার মানুষ ভুল করেছি পাঁচবারের সাংসদকে হারিয়ে। এটা আমাদের ভুল যে আমরা ভোট দিতে বলেছিলাম যাতে ইউসুফ পাঠান জেতে।”

অন্যদিকে মহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক হওয়ায় জোর চাঞ্চল্য ছড়িয়েছিল বঙ্গ রাজনীতিতে। সিপিএমকে একহাত নেয় তৃণমূল কংগ্রেস ও বিজেপি, দুজনেই। শুধু তাই নয়, বামেদের অন্দরেও প্রশ্ন উঠতে শুরু করে সেলিমকে নিয়ে। যদিও পুরো বিষয়টি পরিষ্কার করে দেন সিপিএমের রাজ্য সম্পাদক। তবুও বিতর্ক থামছে না। পাশাপাশি শরিক দলগুলিও বেশ অসন্তুষ্ট হয় হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করায়। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top