• Home
  • জেলার খবর
  • দফা যতই হোক, জয় নিয়ে আশাবাদী তৃণমূল, অবস্থান চন্দ্রিমা-কুনালের

দফা যতই হোক, জয় নিয়ে আশাবাদী তৃণমূল, অবস্থান চন্দ্রিমা-কুনালের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রবিবার বিকেলের পর থেকে বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা। এবারের নির্বাচন হবে দুই দফায়। এপ্রিল মাসের ২৩ ও ২৯ তারিখে হবে ভোট এবং গণনা হবে মে মাসের ৪ তারিখে। যদিও কেন এবারে দুই দফার ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। 

যদিও দুই দফায় নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস প্রথমেই পরিষ্কার করে দিয়েছে যে তারা বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। নিজের অবস্থান প্রকাশ্যে এনেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। দুজনেই আশাবাদী যে দুই দফায় ভোট হলেও জয় শেষ পর্যন্ত হবে তৃণমূল কংগ্রেসেরই। শুধু তাই নয়, নিজেদের বক্তব্যে, তাঁরা কমিশন ও বিজেপিকেও আক্রমণ করেছেন। 

চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, “রাজ্যের আইনশৃংখলার কথা বলছিল কমিশন। আবার তারাই দুই দফায় ভোট কমিয়ে নিয়ে এসেছে আট দফা থেকে। এর থেকে প্রমাণিত যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বাংলায়। তবে ৮ দফায় করিয়ে যে ষড়যন্ত্র করতে চেয়েছিল বিজেপি সংস্থা নির্বাচন কমিশন, তা ব্যর্থ হয়েছিল। এবারও ব্যর্থ হবে। একের বদলে দুই দফায় ভোট করানোর নেপথ্যেও যদি কোনও ভাবনা থেকে থাকে কমিশনের, তাও সফল হবে না।”

অন্যদিকে কুনাল ঘোষ বলেছেন, “কমিশনের বক্তব্য নিরপেক্ষতার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ওরা তো নিজেরাই বিজেপির দলদাস। তারা নিরপেক্ষ রইলেন না গোটা এসআইআর পর্বে, এখন নিরপেক্ষতার কথা বলছেন। এক দফাতেও তৈরি, দুই দফাতেও তৈরি আমরা। জয় তৃণমূল কংগ্রেসেরই হবে যত দফাতে ভোট হোক না কেন। আর বিজেপি একুশে আট দফার ভোটে পেয়েছিল ৭৭, দুই দফায় হবে ২৭। এই তো ফলাফল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top