দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভা ভোটের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। এসআইআর সংক্রান্ত যাবতীয় কাজকর্ম শেষ হলে যে নির্বাচন ঘোষণা হবে, তা কারোর কাছেই অজানা নয়। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছিল যে রাজ্য নির্বাচন কমিশন এক দফায় ভোট করতে প্রস্তুত। তবে এবার খবর আসছে যে মার্চ মাসের ২ তারিখে নির্বাচন ঘোষণা করে দেওয়া হতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে যে এবার ৩ দফাতে ভোট হতে পারে।
খবর, একসাথে ভোট হতে পারে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়ায়। একসাথে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তবে জানা যাচ্ছে, কমিশনের তরফ থেকে বিশেষ নজর থাকছে মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, কোচবিহারে। পাশাপাশি, বাড়তি গুরুত্ব দেওয়া হবে দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রেও বলে জানা গিয়েছে সূত্র মারফত।
ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনকে আবেদন করেছে নির্বাচনের দফা কমিয়ে দেওয়ার জন্য। যদিও তিন দফাতে হবে কিনা, সেটা নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের উপর। যদিও ওয়াকিবহাল মহলের মতে জায়গা, বুথ ও কেন্দ্রীয় বাহিনীর পরিমাণের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। পর্যাপ্ত পরিমাণের বাহিনী পেলেই নির্বাচনের দফা কমানো যাবে বলে মনে করা হচ্ছে। এই সকল বিষয় নিয়েই কমিশনের পুরো বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার। সেখান থেকে সবুজ সংকেত পেলেই দফা কমানো সম্ভব হতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে (২০২১) বড় ব্যবধানে জয় পায় তৃণমূল কংগ্রেস এবং তৃতীয়বার ক্ষমতায় আসে বাংলায়। বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পর ঘাসফুল শিবির ও তাদের জোটসঙ্গীর ঝুলিতে ছিল মোট ২১৬টি আসন। অন্যদিকে, বিজেপি পায় ৭৭টি।
বাম-কংগ্রেস খাতা খুলতে না পারলেও, তাদের জোটসঙ্গী আইএসএফ জয় পায় একটি আসন, তথা ভাঙ্গরে। তবে এই মুহূর্তে শাসকদল ও তাদের জোটসঙ্গীদের মোট আসনসংখ্যা এসে দাঁড়িয়েছে ২২৫এ, বিজেপির ৬৫ এবং বাকিদের দখলে ৪টি। এবার দেখার যে আসন্ন বিধানসভা নির্বাচনের পর চিত্রতে কোন পরিবর্তন দেখা যায় কিনা। নাকি অব্যাহত থাকবে সবুজ ঝড়? তা জানা যাবে কদিন পর।



By










