দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি বছরেই বাংলার মাটিতে বিধানসভা নির্বাচন। ভোটের লড়াইকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা রাজ্য। শাসক থেকে বিরোধী, দুই শিবিরই চালিয়ে যাচ্ছে জোরদার প্রচার। এই পরিস্থিতিতে শনিবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে বড় মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, এবার তিনি আর ভোটে প্রার্থী হয়ে দাঁড়াতে চান না।
সেই ২০১১ সাল। তখন থেকে বারাসাত বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। ইতিমধ্যেই হ্যাটট্রিক হয়ে গিয়েছে তার এবং এবার সুযোগ রয়েছে চতুর্থবার বিধায়ক হওয়ার। কিন্তু এবার আ তিনি দাঁড়াতে চান না প্রার্থী হয়ে। শনিবার সাংবাদিকদের তিনি এই বিষয়ে বলেওছেন। তবে কি কারণে এমনটা ঠিক করেছেন, সেটাও তিনি জানিয়েছেন। তারকা বিধায়কের বক্তব্য, তাঁর এনার্জি দিনদিন কমে যাচ্ছে। তবে তার সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফের প্রার্থী হিসেবে দাঁড় করান, তাহলে সেটা আলাদা ব্যাপার।
চিরঞ্জিত চক্রবর্তী বলেন, “তিনবার বিধায়ক হওয়া আমার হয়ে গিয়েছে। চতুর্থবার এবার। তবে এখন আমার মনে হচ্ছে যে যেই এনার্জি আমার ছিল, যেই ক্ষমতা ছিল মানুষের পাশে দাঁড়ানোর, তা কমছে। আর দৌড়াতে পারি না আমি অত জোরে। আর ফাইট করতে পারি না আমি সিনেমায়। তাই ভূমিকাও সিনেমায় পাল্টে যাচ্ছে। মেনে নিতে চাইছি আমি সেই পরিবর্তনটা। যেহেতু খুব পরিশ্রমের জায়গা রাজনীতি, বড় কাজের জায়গা। আমি প্রায় সেটা করতে পারি না। তাই ভালো হয়, যদি আর এখানে না থাকি।”
এরপরই প্রশ্ন ওঠে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ছাড়া আর কাউকে প্রার্থী না করাতে চান, তাহলেও কি তিনি প্রার্থী হয়ে দাঁড়াবেন না? সেই প্রশ্নের উত্তরে তারকা বিধায়ক বলেন, “ওনাকে কি অস্বীকার করা যায়? উনি তো দূরদর্শিনী। মনে হয় যায় না।” এরপর চিরঞ্জিত চক্রবর্তী পরিষ্কার করে দেন, “আমার তরফ থেকে অনুরোধ করা হতে পারে। তবে কাকে প্রয়োজন আর কতটুকু প্রয়োজন, সেটা উনি বেশ ভালো বোঝেন।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত তারকা বিধায়ককে ফের প্রার্থী হিসেবে দাঁড় করানো হয় কিনা।



By










