দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টা প্রকাশ হওয়ার পর থেকে একের পর এক বদলি করে চলেছে নির্বাচন কমিশন, যা নিয়ে চরম ক্ষুব্ধ রাজ্য সরকার। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আওয়াজ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে তিনি এই বিষয়ে একটি পোস্টও করেছেন।
এরপর সন্ধ্যাবেলায় সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজের বক্তব্য তুলে ধরেন। তিন পাতার এই চিঠিতে চিন্তা প্রকাশ করার পাশাপাশি ক্ষোভও উগ্রে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ, কমিশনের এই পদক্ষেপের জেরে কার্যত থমকে যাচ্ছে বাংলার প্রশাসনিক কাজকর্ম। এছাড়া ৬০ লক্ষ ভোটার ‘বিবেচনাধীন’ তালিকায় থাকার বিষয়টিও তুলে ধরেন।
নানা দপ্তরে কাজ আটকে যাওয়ার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কতটা যুক্তিসঙ্গত এভাবে অস্থির করে তোলা প্রশাসনকে নির্বাচনের আগে। এসআইআরের কাজ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কমিশনের প্রাধান্যের দিক নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো, প্রায় ৬০ লক্ষ ভোটার ‘বিবেচনাধীন’ তালিকায় থাকা সত্ত্বেও পুরো নিষ্পত্তির আগে, রদবদলে জোর দেওয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, এতে অনিশ্চয়তার মধ্যে পড়ছে ভোটারদের গণতান্ত্রিক অধিকার।



By










