দেবজিৎ মুখার্জি: “দেশের নিরাপত্তার জন্য খতরনাক” কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধীকে নিয়ে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, ভারত-বিরোধী শক্তি, চরমপন্থী ও মাওবাদীদের সঙ্গে যোগ রয়েছে রাহুলের। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও জানান যে রাগা দেখা করেন জর্জ সোরোসের মতো ব্যক্তিদের সঙ্গে।
সম্প্রতি, এএনআইকে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বরাবরই হইচই হবে সংসদীয় গণতন্ত্রে। প্রত্যেক রাজনৈতিক দলেরই এজেন্ডা থাকে এবং তারা সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সংসদে। কিন্তু এর মাঝে এটাও দেখতে হবে যে কি পদক্ষেপ করা হচ্ছে। আমরা কোনওদিন স্পিকারের দিকে কাগজ ছুড়ে মারিনি বিরোধী দলে থাকাকালীন।” রাহুলকে আক্রমণ করে তিনি বলেন, “একজন বিরোধী দলনেতার সংসদের বাইরে চলে যাওয়া, বিশ্বাসঘাতক বলা মানুষকে বা অপ্রকাশিত বই থেকে লাইন তুলে ধরা, এগুলো শিশুসুলভ আচরণ।”
এপস্টেইন ফাইলসের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “সবসময় মিথ্যা কথা বলেন রাহুল। যদি কারোর সঙ্গে দেখা করে থাকেন প্রধানমন্ত্রী বা যদি কোন নথি থাকে, তাহলে তা তুলে ধরুক। জোর করে প্রধানমন্ত্রীর নাম জুড়ে দেওয়া হচ্ছে।” এরপরই তিনি রাহুলকে দেশের নিরাপত্তার জন্য বিপদজনক বলেন। কিরেন রিজিজু বলেন, “দেশের নিরাপত্তার জন্য রাহুল গান্ধী খুবই খতরনাক। ওনার সঙ্গে যোগ রয়েছে ভারত-বিরোধী শক্তি, চরমপন্থী ও মাওবাদীদের। উনি দেখা করেন জর্জ সোরোসের মতো লোকেদের সঙ্গে।”
প্রসঙ্গত, কদিন আগে অরুণাচল প্রদেশের বুমলা সীমান্ত থেকে কিরেন রিজিজু রাহুল গান্ধীকে একহাত নিয়েছিলেন। তিনি বলেন, “সীমান্ত সম্পর্কে রাহুল গান্ধীর কোন ধারনাই নেই। তাই এমন মন্তব্য করেছেন। আমি এটাই বলব যে ওনার উচিত এই ব্যাপারে কিছু পড়াশোনা করা।” লোকসভায় রাহুলের আওয়াজ তোলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সংসদে এসব করা মানে শুধু সমস্যা তৈরি করা। কাজের কাজ কিছু হয় না।”



By













