দেবজিৎ মুখার্জি, কলকাতা: রবিবার, ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন থাকা অবস্থায়, আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করা হয় কমিশনের তরফ থেকে। ঠিক তারপরই বিষয়টি নিয়ে আওয়াজ তোলেন আইএসএফের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী। এর প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ভোট বয়কটের ডাক দেন, সেই আহ্বান জানান তিনি। শুধু তাই নয়, তিনি এও পরিষ্কার করে দেন যে প্রয়োজনে তিনি তৃণমূল সুপ্রিমোকে সমর্থন করবেন। যদিও ঘাসফুল শিবিরের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষও দাবি করেছেন যে ভোটের আগে বৈধ ভোটারের তালিকা পরিস্কার করা গুরুত্বপূর্ণ।
এই বিষয়টি নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম নিজের অবস্থান জানিয়েছেন বিষয়টি নিয়ে। তাঁর বক্তব্য, “শুধু ভোট দেওয়া থেকে বিরত করা হচ্ছে না ৬০ লক্ষ মানুষকে, তাঁকে বঞ্চিত করা হচ্ছে ভোটে দাঁড়ানোর অধিকার থেকেও। এরপর যদি বের হয় সাপ্লিমেন্টারি তালিকা, ভোটাধিকার থাকলেও, কোথায় গেল ভোটে দাঁড়ানোর অধিকার?”
এরপরই শীর্ষ আদালতে দ্বারস্থ হওয়ার প্রসঙ্গটি তোলেন মহাম্মদ সেলিম। তাঁর বক্তব্য, “আমরা আগেও নির্বাচন কমিশনের কাছে উল্লেখ করেছি এই বিষয়টি। আমরা বলেছিলাম যে আরো জটিলতা সৃষ্টি হবে যদি আগে লিস্ট না করে ভোট করতে যাওয়া হয়। সর্বোচ্চ আদালতে যাব আমরা। চ্যালেঞ্জ করব এই বিষয়টিকে।” বলে রাখা প্রয়োজন, আর ২-১ দিনের মধ্যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হতে পারে। সূত্র মারফত জানা গিয়েছে যে ১৭ লক্ষ নামের সমস্যা সমাধান হয়েছে ৬০ লক্ষ বিচারাধীনদের মধ্যে।



By










