• Home
  • জেলার খবর
  • আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত কমিশনের

আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত কমিশনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে বঙ্গ রাজনীতির একটাই আলোচনার বিষয় আর সেটা হল আসন্ন বিধানসভা নির্বাচন। ভোটকে সামনে রেখে ম্যারাথন প্রচারে ঝাঁপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিও জনসভা থেকে শুরু করে রোড শোর মাধ্যমে জনতার মাঝে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে বাম, কংগ্রেস সহ অন্যান্য দলগুলি। 

এহেন পরিস্থিতিতে রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করানোর লক্ষ্যে আরও বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের তরফ থেকে। এই মুহূর্তে মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৫০ কোম্পানি। কমিশন সূত্রে খবর, এর আগে ২৪০০ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি দেখে সেই সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা বোধ করেছে ফুল বেঞ্চ। বুধবার এই নয়া সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ইতিমধ্যেই বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায়। তারই মধ্যে কমিশনের সূত্রে সাফ ইঙ্গিত, ২৫৫০ কোম্পানিতেই শেষ নয়। প্রয়োজন হলে সেই সংখ্যা আরো বাড়তে পারে। কমিশনের পরিষ্কার কথা, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কোনও আপোষ হবে না নিরাপত্তার ক্ষেত্রে। এবার দেখার বিষয় যে ২৫৫০ কোম্পানিতেই ফুলস্টপ লাগে নাকি সংখ্যা আরো বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top