• Home
  • জেলার খবর
  • সই জাল কান্ডের তদন্তে মমতার দলীয় কার্যালয়ে সিআইডি

সই জাল কান্ডের তদন্তে মমতার দলীয় কার্যালয়ে সিআইডি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সই জাল কান্ডের তদন্তে এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে সিআইডি। বাড়ি সংলগ্ন কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে তল্লাশি চালাতে যান তাঁরা। তবে বাধার সম্মুখীন হতে হয় আধিকারিকদের। তাঁদের বাধা দেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। বাদানুবাদে জড়ান দুপক্ষ। অবশেষে ভিতরে প্রবেশ করেন আধিকারিকরা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় সেই চত্বরে। অন্যদিকে ক্যামাক স্ট্রিটেও গিয়েছে সিআইডির আরেক প্রতিনিধি দল।

ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি একাধিক ইস্যুতে উত্তপ্ত, যার মধ্যে অন্যতম ‘সই জাল কান্ড’। বিষয়টি জনসম্মুখে আসতেই জোর হইচই পড়েছে বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি, অস্বস্তি আরো বেড়েছে ঘাসফুল শিবিরের। বিষয়টি নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক তরজাও তুঙ্গে। তৃণমূল কংগ্রেসকে এই ব্যাপারে লাগাতার আক্রমণ করে চলেছে গেরুয়া শিবির।

বর্তমানে ঘটনার তদন্ত করা হচ্ছে সিআইডির তরফ থেকে। তারা তদন্তের দায়িত্ব নেওয়ার পর থেকেই চাপে তৃণমূল কংগ্রেস। দলের নানা বিধায়ককে তারা নোটিস দিয়েছে। বাদ পড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁকে লাগাতার নোটিস পাঠাচ্ছে তারা। তবে এখনো পর্যন্ত তিনি হাজিরা দেননি। কিন্তু যেভাবে লাগাতার বিষয়টিকে কেন্দ্র করে নোটিস পাঠানো হচ্ছে ডায়মন্ড হারবার সাংসদকে, তা নিয়ে নানা প্রশ্ন জন্মেছে রাজনৈতিক মহলে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে তল্লাশি চালাতে আসেন সিআইডির আধিকারিকরা। কার্যালয়ের গেট ঘিরে ফেলা হয় মহিলা দলের তরফ থেকে। সেখানে পৌঁছান কালীঘাট ও ভবানীপুর থানার রিশাল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীও সেখানে এসে হাজির হয়। সিআইডির তরফ থেকে জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান অনুযায়ী তল্লাশি চালাতে চায় তারা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থাকায় কার্যালয়ের দায়িত্বে থাকা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীর সাথে বাদানুবাদে জড়ান আধিকারিকরা। এরপরই কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে কার্যালয়। অবশেষে সিআইডি ভেতরে প্রবেশ করে। সুত্র মারফত খবর, তারা তল্লাশি চালাচ্ছে লগবুকের খোঁজেই। এবার দেখার আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top