• Home
  • জেলার খবর
  • সরস্বতী পুজোকে ঘিরে হাতাহাতি দিনহাটা কলেজে

সরস্বতী পুজোকে ঘিরে হাতাহাতি দিনহাটা কলেজে

Image

দেবজিৎ মুখার্জি, কোচবিহার: সরস্বতী পুজোকে ঘিরে ব্যাপক অশান্তি দিনহাটা কলেজে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দল। ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়ায় কলেজ চত্বরে। খবর পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখানেই শেষ নয়, পরিস্থিতি এই পর্যায়ে যায় যে শেষ পর্যন্ত লাঠি তুলে তাড়া করতে হয় পুলিশকে। বলা ভালো, একেবারে যুদ্ধের ময়দানের মতো চেহারার নিয়েছিল।

জানা গিয়েছে, এদিন সকাল থেকে সরস্বতী পূজা উপলক্ষে ভিড় জমান বহু ছাত্র-ছাত্রী। আড্ডা ও খাওয়া-দাওয়া নিয়ে ব্যস্ত ছিল সকলে। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান চলে। কিন্তু অশান্তি শুরু হয় বেলা গড়াতে। পড়ুয়াদের তরফ থেকে জানানো হয়েছে যে অশান্তি লাগে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে এবং তা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়।

আরো জানা গিয়েছে যে ঘটনার সময় তখন সেখানে অনেকে উপস্থিত হয়েছিলেন। ঠিক তখনই হাতাহাতি লাগে দুপক্ষের মধ্যে, যা যুদ্ধক্ষেত্রের চেহারা নেয়। খবর পাওয়ামাত্রই, সেখানে এসে উপস্থিত হয় অজস্র পুলিশ এবং চেষ্টা করে পরিস্থিতি স্বাভাবিক করার। যেভাবে আজ অশান্তি হয়েছে, তাতে বহু পড়ুয়া ও সাধারণ মানুষ ভয় পেয়েছেন। রীতিমতো হইচই পড়ে যায় গোটা কলেজে এই ঘটনাটি নিয়ে।

এই অশান্তি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের দিনহাটার বিধায়ক, তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, উদয়ন গুহ। তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এবং দাবি করেছেন যে এমন ঘটনা হওয়া উচিত হয়নি সরস্বতী পুজোর দিনে। তিনি বলেন, “এই ঘটনা কাম্য নয় সরস্বতী পুজোতে। পুলিশের তরফ থেকে পদক্ষেপ করা হবে আইন অনুযায়ী।” এবার দেখার বিষয় যে ঘটনার জল কতদূর গড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top