• Home
  • জেলার খবর
  • “কিছুই দিল না কেন্দ্র” বাজেট শেষে বঞ্চনা নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতার

“কিছুই দিল না কেন্দ্র” বাজেট শেষে বঞ্চনা নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “কিছুই দিল না কেন্দ্র” বাজেট পেশ করে কেন্দ্রকে ফের বঞ্চনা নিয়ে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, তাঁর সরকার এই বাজেট করেছে এত বঞ্চনা সত্ত্বেও। এখানেই শেষ নয়, এদিন মুখ্যমন্ত্রী ফের জানান এখনো রাজ্য কত পায় কেন্দ্রের থেকে। পাশাপাশি, তিনি কটাক্ষ করেন কেন্দ্র সরকারের বাজেটকেও।

বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অন্তর্বর্তী বাজেট পেশ করেন। একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করার পাশাপাশি কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করা হয়েছে, তাও জানান। এছাড়া কয়েকটি নতুন প্রকল্পও ঘোষণা করা হয় এদিন। সব মিলিয়ে, লক্ষ্মীবারে মোট ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফ থেকে।

এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রকে বাজেট সংক্রান্ত বিষয়ে আক্রমণ করেন। তিনি বলেন, “এত বঞ্চনা সত্ত্বেও আমরা এই বাজেট করেছি। কিছুই তো দিলো না কেন্দ্র বাংলাকে।” এরপরই রাজ্যের প্রাপ্য পাওনার কথা তুলে ধরেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা এখনো কেন্দ্রের কাছ থেকে ২ লক্ষ কোটি টাকা পাই।”

তিনি আরো বলেন, “ওরা করেই চলেছে বাংলাকে বঞ্চনা। যেখানে পারছে মারধর করছে বাংলাদেশী বলে। এমনকি অন্তঃসত্ত্বাকেও রেহাই দিচ্ছে না। কোনও টাকা দিচ্ছে না। শুধু চক্রান্ত করছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার।” কেন্দ্রীয় বাজেটের প্রসঙ্গ টেনে তৃণমূল সুপ্রিমো বলেন, “আপনারা দেখেছেন ওদের বাজেটে দিশা নেই, ভবিষ্যৎ নেই, কর্মহীন। এখন আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের সামান্য প্রচেষ্টার মধ্যে আমরা করতে পেরেছি।” 

মুখ্যমন্ত্রী এও দাবি করেন যে সাধারণ মানুষের আশ্বাস রয়েছে তৃণমূল কংগ্রেসের উপর। তিনি বলেন, “কেন্দ্রের এত বঞ্চনা সত্ত্বেও আমরা পেরেছি। আশা করছি আমাদের উপর মানুষ বিশ্বাস রাখবে। একা কিছু করিনি আমি। এটা সবাই মিলে করেছে। আমরা লড়ে যাচ্ছি এজেন্সিগুলির লাঞ্ছনা সত্ত্বেও। আমাদের সঙ্গে মানুষের বিশ্বাস আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top