দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডে সভায় যোগ দেওয়াকে ঘিরে চরম অশান্তি উত্তর কলকাতার গিরিশ পার্ক চত্বরে। দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মীরা। ঘটনায় তৃণমূল ও বিজেপি, দুই দলের কর্মীই আহত হয়েছেন। পাশাপাশি, আহত হয়েছেন বিজেপি নেতা তমগ্ন ঘোষও। বউবাজার থানার ওসিও জখম হয়েছেন। ভাঙচুর চালানো হয়েছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও। একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি। ক্ষোভ উগরে দিয়েছেন শশী পাঁজাও।
ঘটনার সূত্রপাত উত্তর কলকাতা থেকে বিজেপি কর্মীদের এক মিছিল ব্রিগেডে যাওয়া থেকে। মিছিলে আচমকা ইটবৃষ্টির জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। একে অপরের দিকে তেড়ে আসেন তৃণমূল ও বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার সময়ে তাঁদের উপর হামলা চালানো হয় তৃণমূলের তরফ থেকে। তাঁদের বক্তব্য, বাড়ির ছাদ ও রাস্তা থেকে ইট ছোড়া হয় এবং মারধর করা হয়। যদিও তৃণমূল সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, বিজেপি কর্মীরাই অশান্তি সৃষ্টি করেছেন।
রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা চালানো হয়। হামলার খবর জানাজানি হতেই তৃণমূল কর্মীরা রাস্তায় নামতে পরিস্থিতি আরো উগ্র হয়ে ওঠে। মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, হামলার সময়ে দুই তৃণমূল কর্মীকে মারধর করা হয় এবং তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি, তাঁর বাড়ির সামনে পুলিশি নিরাপত্তার মাঝেই দুই দলের সমর্থকদের মধ্যে ইট ছোড়াছুড়ি হয় এবং এতে আহত হন এক পুলিশকর্মী। এখনো এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশকেও বেশ হিমশিম খেতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। অজস্র পুলিশের পাশাপাশি র্যাফ নামানো হয়েছে।


By











