দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের হাওয়া বইছে গোটা বাংলায়। গোটা রাজ্য ক্রমশ নিচ্ছে যুদ্ধের ময়দানের রূপ। সেই পরিস্থিতিতে এক বিস্ফোরক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা, তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক, শুভেন্দু অধিকারী, যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে গেরুয়া শিবিরের পতাকা টেনে নামিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই ভিডিও থেকে স্পষ্ট ভবানীপুরের তৃণমূলের পরাজয়ের ভয় রয়েছে।
শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে যে খালি রাস্তায় দু’একটি ট্যাক্সি রয়েছে। দুজন মুখ ঢাকা, টুপি পড়া ব্যক্তি বিজেপির পতাকা নামিয়ে আগুন জ্বালিয়ে দিলেন তাতে। সিসিটিভিতে সেই দৃশ্য ধরা পড়েছে এবং তা শেয়ার করেন বিরোধী দলনেতা। ক্যাপশনে লেখা, “ইঙ্গিত স্পষ্ট – ভবানীপুরে পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে !!! আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর যে, আর মাননীয়ার জন্যে নিরাপদ আসন নয় তা তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ডে স্পষ্ট। গভীর রাতে ভারতীয় জনতা পার্টির পতাকা খুলে নিয়ে পোড়াচ্ছে তৃণমূল দুষ্কৃতীরা। এই ভাবে বিজেপিকে আটকানো যাবে না, যত পতাকা খুলবেন, পোড়াবেন, তত জয়ের ব্যবধান বাড়বে বিজেপির। গতবারে নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছিলেন, এবারে ভবানীপুরের মানুষ বিদায় জানাবেন।”
এই ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেছেন, “তৃণমূল কংগ্রেসের গুন্ডারা ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকাতে আমাদের পতাকা খুলে নামিয়ে দিয়ে আগুন জ্বালিয়েছে।” এর সঙ্গে তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের কথাটিও তুলে ধরেন। তিনি বলেন, “যে ফুটেজ আমি পেয়েছি, তার থেকে এটা স্পষ্ট যে যেভাবে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, তাঁর বিশেষ বাহিনীকে নামিয়েছেন ভবানীপুরে পতাকা পোড়াতে।”
যদিও শুভেন্দু অধিকারীকে পাল্টা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও। দলের অন্যতম প্রভাবশালী নেতা জয়প্রকাশ মিশ্র বলেন, “ওনাকে রাতে পাহাড়া দেওয়ার পরামর্শ দেব। হাতেনাতে ধরতে পারবেন যখন এমন বলছেন। আর খুব যদি কষ্ট হয়, তাহলে অভিযোগ করুন পুলিশে। এই সমস্ত ছিঁচ কাঁদুনের জন্যই বাংলায় এমন অবস্থা বিজেপির। কান্নাকাটি করছেন সমাজমাধ্যমে।” এবার দেখার বিষয় যে এই ঘটনা নিয়ে আগামীদিনে কি হয়।



By










