• Home
  • জেলার খবর
  • “লাশের রাজনীতি করে বিজেপি” আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে শাহকে পাল্টা অভিষেকের

“লাশের রাজনীতি করে বিজেপি” আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে শাহকে পাল্টা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “বিজেপির রাজনীতি করছে লাশ নিয়ে” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, আনন্দপুর অগ্নিকাণ্ড ঘটনা নিয়ে, বক্তব্যের পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরকে পাল্টা দিলেন ঘাস ঘাসফুল শিবিরের সেনাপতি। শুধু তাই নয়, তিনি এটাও স্পষ্ট করে দিলেন যে যত বড়ই শিল্পপতি হোক না কেন, পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার ব্যারাকপুরের কর্মীসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনন্দপুর অগ্নিকাণ্ড ঘটনা নিয়ে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন, “২৫ জন প্রাণ হারিয়েছেন এই ঘটনায়। নিখোঁজ ২৭ জন। সব বাংলার নাগরিক। কেন এক্ষেত্রে করা হচ্ছে ভোটবাক্সের রাজনীতি?” এরপর রাজ্য সরকারের বিরুদ্ধে অপরাধীদের আড়ালের চেষ্টা অভিযোগ তোলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই ঘটনায় রাজ্য সরকার আড়াল করার চেষ্টা করছে অপরাধীদের। যদি ক্ষমতায় আসে বিজেপি সরকার, তাহলে অপরাধীদের জেলে ঢোকানো হবে।”

এর পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কায়দা একটা ঘটনা নিয়ে রাজনীতি করা। লাশ খোঁজে শকুনের মতো। মৃত্যুর রাজনীতি করে ওরা। লাশের রাজনীতি করে। যদি কোথাও কোন ভুলত্রুটি হয়ে থাকে, তাহলে সেটা যাতে আর না ঘটে, তা সুনিশ্চিত করতে হবে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে।” মোমো সংস্থার মালিকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের ছবি প্রসঙ্গে তিনি বলেন, “নীরব মোদি বা মেহুল চোকসির মতো ব্যবসায়ীরা পালিয়েছেন ১৫-২০ হাজার কোটি টাকার ঋণ নিয়ে। তাঁরা বিদেশ সফর করেছেন মোদির সঙ্গে।”

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত রবিবার ভোর রাতে। স্থানীয়দের, প্রায় রাত তিনটে নাগাদ, নজরে আসে আগুনের লেলিহান শিখা। পুলিশ ও দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হয় দমকলের বারোটি ইঞ্জিন এবং প্রায় দেড় দিন পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০। একাধিক দেহাংশ উদ্ধার হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দুটি মামলা রুজু করে। সরকারের তরফ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি পুলিশের সঙ্গে কথা বলেছেন তাদের পরিবারের সদস্যদেরকে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আদালত পর্যন্ত মামলার জল গড়িয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল পর্যন্ত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েকজনকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top