দেবজিৎ মুখার্জি: বৃহস্পতিবার এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল গোটা ক্রোয়েশিয়া। কী ঘটেছে সেখানে? সেই দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে করা হলো আক্রমণ। এখানেই শেষ নয়, সেখানে চলেছে রীতিমতো ভাঙচুর। পাশাপাশি, উঠেছে ভারত-বিরোধী স্লোগানও। ঘটনাকে ঘিরে ব্যাপক ভয়ের পরিবেশ তৈরি হয়। এই ঘটনার তীব্র নিন্দা করেছে নয়াদিল্লি। যদিও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত, কোনও অবস্থান জানানো হয়নি ক্রোয়েশিয়ার তরফ থেকে।
সূত্র মারফত জানা গিয়েছে যে এদিন জাগ্রেবে অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ভেঙে আততায়ীরা ঢুকে পড়ে। তারা সকলে ভারত-বিরোধী স্লোগান তোলে। দূতাবাসে ঢুকে বিশাল ভাঙচুর চালায় তারা। যদি এই ঘটনার পেছনে তাদের হাত রয়েছে, সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে যে এই হামলায় হাত রয়েছে খালিস্থানপন্থীদের।
এই হামলার নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, “এই ঘটনার নিন্দা জানাই আমরা। সেখানে তান্ডব চালিয়েছে ভারত-বিরোধী শক্তি। ইতিমধ্যেই আমাদের তরফ থেকে গোটা বিষয়টি তুলে ধরা হয়েছে ক্রোয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের শীঘ্র চিহ্নিত করতে হবে এবং কড়া ব্যবস্থা নিতে হবে। ভিয়েনা কনভেনশনে কূটনৈতিক ভবন বা প্রাঙ্গণ লঙ্ঘন করা যায় না। সেগুলি নিরাপত্তা যাতে কেউ ভাঙতে না পারে, তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রের।” এবার দেখার বিষয় যে ক্রোয়েশিয়া এই ঘটনাটি নিয়ে কি বলে। কী পদক্ষেপ নেওয়া হবে তাদের তরফ থেকে? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে।



By













