• Home
  • জেলার খবর
  • স্বাস্থ্য ভবন অভিযান: আশা কর্মীদের থেকে ‘গো ব্যাক’ স্লোগান শুনলেন লকেট চট্টোপাধ্যায়

স্বাস্থ্য ভবন অভিযান: আশা কর্মীদের থেকে ‘গো ব্যাক’ স্লোগান শুনলেন লকেট চট্টোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বড় ধাক্কা বঙ্গ বিজেপির! আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে ‘গো ব্যাক’ স্লোগান দলের প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। পরিস্থিতি এই পর্যায়ে এসে দাঁড়ায় যে শেষ পর্যন্ত তিনি সেখান থেকে চলে যেতে বাধ্য হন। আশা কর্মীদের সাফ কথা, তাঁরা কোনমতেই রাজনৈতিক রঙ লাগতে দেবেন না এই আন্দোলনে। 

বেতন বাড়ানো সহ একাধিক দাবি তুলে বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে নামেন আশা কর্মীরা। তবে ব্যারিকেড পার করে এগোতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাঁদের। শুধু তাই নয়, একাধিক আশা কর্মীকে আটক করে পুলিশের গাড়িতে পর্যন্ত তোলা হয়। তবে তাতেও থামানো যায়নি তাঁদের। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ জারি রেখেছেন তাঁরা।

বেলার দিকে সল্টলেকে সেই বিক্ষোভে এসে হাজির হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তবে সেখানে বেশ অস্বস্তিতে পড়তে হয় তাঁকে। ‘গো ব্যাক’ স্লোগান তোলা হয় আশা কর্মীদের তরফ থেকে। অবশেষে পরিস্থিতি অনুকূল নয় দেখে সেখান থেকে তিনি চলে যান। আশা কর্মীরা পরিষ্কার করে দেন যে এই আন্দোলনে তাঁরা কোনভাবেই রাজনীতি চান না। 

প্রসঙ্গত, মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছিলেন, “কোন রাজনৈতিক দল নিজেদের স্বার্থে আশাকর্মীদের ব্যবহার করছে। এটি কেন্দ্রীয় প্রকল্প। কিন্তু তারা টাকা দেয় না। বেশিরভাগ খরচ রাজ্য সরকারই দেয়। ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় ভাতা বাড়িয়েছেন কর্মীদের। বর্তমানে ৫ হাজার ২৫০ টাকা যে ভাতা দেওয়া হয়, তা পুরোটাই রাজ্য বাজেট থেকে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে ৮০০ থেকে ভাতা ১৩০০ টাকা করেছেন। আরো ২০০ টাকা সেই বছরেই বাড়ানো হয়। তা বেড়ে গিয়ে দু’হাজার টাকা হয় ১৭ সালে। ১৮ সালে সেটা ৩০০০ হয়। এখন সেটা বেড়ে হয়েছে ৫ হাজার ২৫০ টাকা।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top