দেবজিৎ মুখার্জি, কলকাতা: গোটা দেশজুড়ে কি তৈরি হতে চলেছে এক বড় এসআইআর বিরোধী মঞ্চ? নবান্নে বৈঠক হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমাজবাদী পার্টির প্রধান, কথার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, অখিলেশ যাদবের। এখানেই শেষ নয়, দুজনে একসাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্তাও দিতে পারেন। বলা ভালো, রাজ্যবাসী ও দেশবাসী মনে করছেন যে আজ বড় কিছু ঘোষণা করা হতে পারে দুজনের তরফ থেকে।
বাংলায় এসআইআর ঘোষণা হওয়ার আগে থেকেই এর বিরোধিতায় নেমেছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যান্য প্রভাবশালী সাংসদরা, সকলেই এর বিরুদ্ধে নিয়মিত আওয়াজ তুলে চলেছেন। শুধু তাই নয়, অন্যান্য বিজেপি বিরোধী রাজ্যগুলির শীর্ষ নেতারাও এর তীব্র প্রতিবাদ করে চলেছে।
রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকে রীতিমতো উত্তপ্ত বাংলা। প্রতিনিয়তই একে অপরকে কটাক্ষ ও পাল্টা কটাক্ষ করে চলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। ঘাসফুল শিবিরের বক্তব্য, এর মাধ্যমে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত চলছে। অন্যদিকে, গেরুয়া শিবির এই সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ঘাড়ে পাল্টা দোষ চাপিয়ে চলেছে। এমন পরিস্থিতিতে সোমবার কলকাতায় স্বস্ত্রীক পা রাখেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল প্রশংসা করেন।
মঙ্গলবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা সপা প্রধান। তাই এক্ষেত্রে মনে করা হচ্ছে যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তাই এখান থেকেই কি লড়াইয়ের শুরুটা করতে চলেছেন। রাজনৈতিক মহল মনে করছে যে যেহেতু এসআইআর এখন গোটা দেশে একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই অখিলেশ ও অন্যান্য বিজেপি বিরোধী সঙ্গীদের নিয়ে এক বড় মঞ্চ তৈরি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখার বিষয় যে আগে কি হয়।



By










