দেবজিৎ মুখার্জি, কলকাতা: রবিবার রাতে কলকাতায় পা রাখেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ। কিন্তু আসামাত্রই বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। বিমানবন্দরে তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগান। এখানেই শেষ নয়, নানা রাস্তায় তাঁকে কালো পতাকা দেখানো থেকে শুরু করে তিনি যে হোটেলে রয়েছেন, সেখানেও দেখানো হয় বিক্ষোভ।
এর মাঝে সোমবার জ্ঞানেশ কুমার কালীঘাট মন্দিরে পূজো দেন কড়া পুলিশী নিরাপত্তার মধ্যে। তবে সেখানেও তাঁকে পড়তে হয় বিক্ষোভের মুখে। কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান তোলা হয় বিক্ষোভকারীদের তরফ থেকে। মন্দির থেকে বেরোনোর সময়ও বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সফল হয়। মন্দির চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাকে নিয়ে। তবে এই ব্যাপারে জ্ঞানেশ কুমার বলেছেন, “মা কালী সবার ভালো করুন, ভালো রাখুন।”
বলে রাখা ভালো, এদিন একাধিক কর্মসূচি রয়েছে জ্ঞানেশ কুমারের। সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ফুল বেঞ্চের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে যে বৈঠক শুরু হয়েছে। এছাড়াও বৈঠক হবে মুখ্যসচিব, ডিজিপি, সকল জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে। আলোচনা হবে নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে।



By









