দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শওকত মোল্লার যাবতীয় নিরাপত্তারক্ষী প্রত্যাহার প্রশাসনের। বুধবার রাতে সব তুলে নেওয়া হয়। জানা গিয়েছে, তুলে নেওয়া হয়েছে কলকাতা পুলিশ ও জেলা পুলিশের পাইলট পরিষেবাও। তৃণমূল নেতা নাকি ঘনিষ্ঠ মহলে আশঙ্কা প্রকাশ করেছেন নিরাপত্তাহীনতার। অর্থাৎ জেড ক্যাটাগরি থেকে শূন্যে নেমে এলেন ঘাসফুল শিবিরের অন্যতম প্রভাবশালী নেতা।
রাজ্যে যখন ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, তখন যেমন গুরুত্ব, তেমনি নিরাপত্তাও পেতেন শওকত মোল্লা। প্রথমদিকে সাধারণ নিরাপত্তা পেলেও পরে তাঁকে দেওয়া হয় জেড ক্যাটাগরির সিকিউরিটি। তবে সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির কাছে পরাজিত হওয়ার পর পরিস্থিতি পাল্টাতে শুরু করে। বলা ভালো, বেশ কোনঠাসা হয়ে পড়েন তিনি।
এই অবস্থায় সমস্ত নিরাপত্তা তুলে নেওয়ায় আরো বড় ধাক্কা খেলেন শওকত মোল্লা। বিষয়টি নিয়ে জোর হইচই পড়েছে বঙ্গ রাজনীতিতে। নানা প্রশ্ন উত্তর শুরু করেছে। এবার দেখার বিষয় যে আগামীদিনে পরিস্থিতি কোন পথে যায়। আসন্ন দিনগুলিতে আর কি হয়, সেটাই এখন দেখার।



By











