দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: নিজের গড় বহরমপুরে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, তথা দলের প্রার্থী, অধীর রঞ্জন চৌধুরী। কী ঘটেছে সেখানে? তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল কংগ্রেস কর্মীদের তরফ থেকে, যার জেরে সংঘর্ষের অবস্থা তৈরি হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
শনিবার সকালে অধীর রঞ্জন চৌধুরী দলীয় প্রার্থীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে। তৃণমূল নেতৃত্বের ডাকে, তিনি এলাকায় ঢুকতেই, বিশাল এক মিছিল তাঁর পথ আটকায় বলে অভিযোগ। চোখের নিমিষে পরিস্থিতি উত্তেজনামূলক হয়ে পড়ে। ‘গো ব্যাক’ স্লোগান দেন ঘাসফুল শিবিরের কর্মীরা। কংগ্রেস সমর্থকরাও তার পাল্টা দেন। মুহূর্তের মধ্যে হাতাহাতি লাগে।
খবর পাওয়ামাত্র দ্রুত এলাকায় পৌঁছায় পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। কেন্দ্রীয় বাহিনী নামানো হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখান থেকে সরিয়ে নিয়ে যান দাপুটে কংগ্রেস নেতাকে। এখনো এলাকায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রয়েছে।



By










