দেবজিৎ মুখার্জি, কলকাতা: সুরেন্দ্রনাথ কলেজ থেকে টাকা উদ্ধার ও বিনোদন ঘরের হদিশ পাওয়ার ঘটনায় বুধবার, ৩ জুন, কলেজের গেটে বিক্ষোভ দেখায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। শুধু বিক্ষোভ প্রদর্শনই নয়, অধ্যক্ষকে দাবিপত্রও পেশ করা হয় সংগঠনের তরফ থেকে। বিক্ষোভকে নেতৃত্ব দেন সংগঠনের সর্বভারতীয় নেতা শুভব্রত অধিকারী।
এই প্রসঙ্গে এবিভিপির রাজ্য মিডিয়া ইনচার্জ অনন্ত বারুই বলেন, “সুরেন্দ্রনাথ কলেজ হয়তো দেশের একমাত্র কলেজ যেখানে চলত মধুচক্র। এর স্বাদ নিতেন এই কানকাটা দেবু ও তাঁর ছেলে।” তিনি আরো বলেন, “প্রচুর টাকা তোলা হয়েছে সোশ্যাল ও ভর্তি প্রক্রিয়াকে সামনে রেখে। আমরা আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি লক্ষ লক্ষ টাকার দুর্নীতির সঙ্গে জড়িত গোটা পরিবার সহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকা ব্যক্তিদের।”
প্রসঙ্গত, মঙ্গলবার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয় দুই ব্যাগ ভর্তি উইপোকায় খাওয়া টাকা। কিছুক্ষণের মধ্যে খোঁজ পাওয়া যায় দুটি বেডরুমেরও। অভিযোগ, তা ব্যবহার করতেন কলেজ পরিচালন সমিতির সদস্য, তথা তৃণমূল নেতা, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ওরফে কানকাটা দেবু ও তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। আরও অভিযোগ, এই ঘরেই ওই তৃণমূল নেতাদের মাসাজ দিতে হতো কলেজের চাকুরিরতদের। পাশাপাশি কনডোমের প্যাকেটও পাওয়া যায় কমনরুম থেকে।
জানা যায়, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এই দুটি বেডরুম উদ্বোধন করেছিলেন টেরেস ফেসিলিটির নামে। বাবা-ছেলের কাছেই ঘরের চাবি থাকতো। আরো জানা যায়, দুটি বেডরুমেই রয়েছে অ্যাটাচ বাথরুম, এসি, খাট, দামি বিছানা। আলমারিতে রয়েছে বালিশ। অন্যদিকে, কলেজের ছাদে পাওয়া যায় বেশ কয়েকটি মদের বোতল।
বেডরুমগুলির খোঁজ পাওয়া যেতেই কলেজে পৌঁছন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। বেডরুমগুলিকে, সেখানে গিয়ে, কটাক্ষ করেন ‘ওয়ো রুম’ বলে। তাঁর উপস্থিতিতেই কন্ডোমের প্যাকেট পাওয়া যায় কলেজের কমনরুম থেকে। উইপোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় বিজেপি বিধায়ক আর্জি জানান ইডি তদন্তের। তাঁর অভিযোগ, কলেজের দুর্নীতির টাকা সুদীপ ও নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হয়ে যেত কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে।



By










