• Home
  • জেলার খবর
  • কর্মী-সমর্থকদের রত্না দেবনাথকে শালীনতার বাইরে গিয়ে আক্রমণ না করার বার্তা অভিষেকের

কর্মী-সমর্থকদের রত্না দেবনাথকে শালীনতার বাইরে গিয়ে আক্রমণ না করার বার্তা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: রবিবার পানিহাটিতে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তিনি ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকদের বার্তা দেন যেন সেখানকার বিজেপি প্রার্থী, তথা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে হত্যা হওয়া মহিলা চিকিৎসকের মা, রত্না দেবনাথকে কেউ যেন শালীনতার বাইরে গিয়ে আক্রমণ না করেন। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সকলকে আমি অনুরোধ করব বিজেপির প্রার্থীকে কেউ আক্রমণ করবেন না শালীনতার বাইরে গিয়ে। এটা শেখায়নি আমাদের দল।” তাঁর সংযোজন, “ভদ্রমহিলা আমার মাতৃসম। উনি নিজের সন্তানকে হারিয়েছেন। অনেক মানুষ দুঃখে, কষ্টে অনেক সময়ে ভুল সিদ্ধান্ত নেয় চাপে পড়ে।” যদিও পাল্টা প্রতিক্রিয়ায় রত্না দেবনাথের বক্তব্য, “অনেক আক্রমণ করা হয়ে গিয়েছে আমাকে। এসব বলে এখন আর লাভ কী?”

এদিন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজি করের ঘটনা প্রসঙ্গে বলেন, “যে ঘটনা ঘটেছিল, সারা বাংলায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল মানুষ। সেই লড়াইকে আমরা সম্মান জানিয়েছি। ৯ই অগাস্টের ঘটনার পর পরিবারকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাই হবে যা পরিবার বলবে। কলকাতা পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে যাকে গ্রেফতার করেছিল, সেই সঞ্জয় রায়কে সিবিআই এখনো শাস্তি দিতে পারেনি। তদন্ত প্রায় দেড় বছর ধরে চলছে।” বিজেপিকে নিশানা করে তাঁর বক্তব্য, “এটা নিয়ে আমরা রাজনীতি করি না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ছিল সাধারণ মানুষের দাবি। আর বিজেপির দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করেছে। এর জবাব দেবে পানিহাটি-সোদপুরের মানুষ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top