দেবজিৎ মুখার্জি, কলকাতা: উচ্ছেদ নয় পুনর্বাসন ছাড়া, এই দাবি তুলে কলকাতা হাই কোর্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন কলকাতা পুরসভা এলাকার ১০৫টি সেতুর বাসিন্দা ও ব্যবসায়ীরা। এমনিতেই উচ্ছেদ অভিযান ঘিরে উত্তাল ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি, তার উপর কোর্টের দ্বারস্থ হওয়া বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। বিষয়টি ঘিরে এই মুহূর্তে জোর চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে।
রাজ্যে পালাবদলের পর উচ্ছেদ অভিযান এক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে। একদিকে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকারের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে জবরদখল মেনে নেওয়া হবে না, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলির বক্তব্য, গেরুয়া শিবির দরিদ্রদের রুজি-রুটির উপর আঘাত আনছে। যদিও এর পাল্টাও দেওয়া হয়েছে শাসক শিবিরের তরফ থেকে।
এই পরিস্থিতিতে শহরকে সুশ্রী করে তুলতে এবং ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে দুর্ঘটনা রোধ করতে পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে ১০৫টি সেতুর নিচের বাসিন্দা ও ব্যবসায়ীদের। বাসিন্দাদের ভয়, আগামী শনিবার ও রবিবার চলতে পারে বুলডোজার এবং সেই কারণে মালপত্র সরানো শুরু করেছে একাধিক সেতুর নিচে থাকা বাসিন্দারা। ব্যবসায়ীরাও জিনিসপত্র সরাতে শুরু করে দিয়েছেন। বিভিন্ন দলের নেতাদেরও দ্বারস্থ হচ্ছেন তাঁরা। তবে নোটিস নিয়ে কেউই তেমন মুখ খুলছেন না বিজেপির। অন্যদিকে হাত তুলে নিয়েছেন তৃণমূল নেতারাও। সুতরাং কোর্টে যাওয়া ছাড়া তাঁদের আর কোনও রাস্তা নেই। গুরুত্বপূর্ণ বিষয় হল নোটিস পাওয়া বাসিন্দাদের মধ্যে সকল রাজনৈতিক দলের সদস্যরাই রয়েছে। এবার দেখার বিষয় যে আদালত গিয়ে তাঁরা কোন সুফল পান কিনা।



By










