দেবজিৎ মুখার্জি, কলকাতা: ধর্মতলায় অবস্থিত ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১শে জুলাইয়ের সভা করতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে অনুমতি চেয়ে কালীঘাট তৃণমূলের তরফ থেকে চিঠি দেওয়া হল কলকাতা পুলিশকে। বরাবরই ওখানেই এই কর্মসূচি আয়োজন করেছে তৃণমূল। তবে, ওই সমাবেশকে কেন্দ্র করে নানা সময় নানা প্রশ্ন উঠেছে। এই অবস্থায় স্থান বদলাতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়রা। গত কয়েকদিন ধরে দলের তরফ থেকে সভার প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়। অবশেষে তারা পুলিশকে চিঠি দিয়েছে অনুমতি চেয়ে।
প্রসঙ্গত, ২১শে জুলাই সভা নিয়ে সম্প্রতি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মিসভা থেকে উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ফোনের দ্বারা সকলকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না মিটিং-মিছিলের। অনুমতি চাওয়া হয়েছে ২১শে জুলাইয়ের জন্য। আশা করি অনুমতি পাব আমরা। বছরে একটাই প্রোগ্রাম তৃণমূলের। আর তা আমাদের অনেক ঝড়-জল পেরিয়ে করতে হবে। কিন্তু, আমাদের মিটিং হবে ৫ জন কর্মী থাকলেও। তাই সমবেত হন, জমায়েত হন ২১শে জুলাই।”
এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত সেখান থেকে সভা করার অনুমতি পান কিনা মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার করে দিয়েছেন যে তাতে তাঁর বা তাঁর দলের কোনও আপত্তি নেই কিন্তু নিয়ম মেনে করতে হবে। সেক্ষেত্রে দেখার যে সভা থেকে তিনি কোনও প্রভাব ফেলতে পারেন কিনা। কী হয় অবশেষে, সেদিকেই এখন তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল।



By










