দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় ব্যাপক হইচই ফেলেছে এসআইআর। রাজ্যে তা চালু হওয়ার পর থেকেই চলছে তোলপাড়। এই মুহূর্তে চলছে শুনানি পর্ব। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব, সকল শ্রেণীর মানুষেরই ডাক পড়েছে। এবার সেই তালিকায় নাম উঠলো টলিপাড়ার বিশিষ্ট অভিনেত্রী মানালি দের। চলতি মাসের (জানুয়ারি) ২৭ তারিখে তাঁর ডাক পড়েছে এসআইআর শুনানিতে।
গোটা বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন টলি অভিনেত্রী। মানালি দের বক্তব্য, “কসবা বিধানসভা কেন্দ্রে আমি থাকি। আচমকা ডাক পেয়েছি এসআইআর শুনানিতে। যখন ডাক পড়েছে, তখন তো যেতে হবেই।” এরপরই সমস্যার কথাগুলি তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, “তবে আচমকা যদি ডাক পড়ে, তাহলে সমস্যা তো হবেই। কারণ বহু সময় কাজ বাতিল করা খুব সমস্যার হয়ে দাঁড়ায়। আমাকেও কাজে একদিন যেতেই হবে। ২৭ তারিখ আমি যাব শুনানিতে।”
উল্লেখ্য, এসআইআরের শুনানিতে অজস্র রাজ্যবাসীর ডাক পড়েছে। ক্রীড়া বা বিনোদন জগতের বহু তারকাদেরও ডাক পড়েছে, যা ঘিরে শুরু হয় সমালোচনা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বাংলার মানুষদের ইচ্ছাকৃত হেনস্থা করা হচ্ছে। যদিও বিজেপি এই অভিযোগ একেবারেই মানেনি। গেরুয়া শিবিরের বক্তব্য, ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার জন্য এসআইআর করা হচ্ছে এবং সঙ্গে রাজনীতির যোগ নেই। তবে ভোটারদের হেনস্থার অভিযোগ তুলে রাজ্যের একাধিক জায়গায় দেখানো হয়েছে বিক্ষোভ ও প্রতিবাদ। অনেক জায়গায়, তা হিংসার আকারও নেয়। বিডিও অফিস ভাঙচুর থেকে শুরু করে বাইরে আগুন লাগানো, এই জাতীয় ঘটনা ঘটে। এবার দেখার বিষয় যে আগামীদিনে তা কি রূপ নেয়।



By













