দেবজিৎ মুখার্জি: “মরিয়া চেষ্টা ব্যর্থতা আড়ালের” পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের মন্তব্য নিয়ে এমনটাই দাবি করলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কী বললেন তিনি? পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন যে অধিকৃত কাশ্মীরে দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছে পাকিস্তান। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেন যে নিরীহ নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে পাকিস্তানের তরফ থেকে।
সম্প্রতি একটি ভিডিও জনসম্মুখে আসে ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাটিলের এবং সেখানে তিনি দাবি করেছেন যে পাকিস্তানে সিন্ধু নদের জলপ্রবাহ ২০২৮ সালের জুন মাসের মধ্যে পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। এই ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতেই ভারতকে হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে খোয়াজা আসিফ বলেন, “জল হল আমাদের জাতীয় নিরাপত্তার অন্যতম ভীত। যদি সিন্ধু নিয়ে ভারতের পদক্ষেপে আঘাত আসে, তাহলে ছেড়ে কথা বলবে না ইসলামাবাদ। জবাব দিতে তৈরি। পাকিস্তান যুদ্ধ শুরু করবে ভারতের বিরুদ্ধে।” তাঁর সংযোজন, “জল সংকটে রয়েছে পাকিস্তান সিন্ধু জল বণ্টন চুক্তি স্থগিত রাখার কারণে। যদি আরো কোনও পদক্ষেপ করে ভারত এবং তা আরো সমস্যায় ফেলে পাকিস্তানকে, তাহলে ভালো হবে না ফল।”
মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে এই ব্যাপারে অবস্থান জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, “আমরা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য শুনেছি। ওরা এহেন মন্তব্য করছে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি থেকে দৃষ্টি সরাতেই। আমরা এর কড়া নিন্দা জানাই। পাকিস্তান দীর্ঘদিন ধরে অধিকৃত কাশ্মীরে দমন পীড়ন চালাচ্ছে।” তিনি আরও বলেন, “পাকিস্তানের নানা জায়গায় পাক পুলিশ বাধা সৃষ্টি করছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ওষুধ সরবরাহে। বিচ্ছিন্ন করে রাখছে ইন্টারনেট সংযোগ। প্রাণঘাতী হামলা চালাচ্ছে নিরীহ নাগরিকদের উপর। মৃত্যু হচ্ছে অজস্র মানুষের। আমরা আশা করি, বন্ধ হবে পাকিস্তানের এসব কর্মকাণ্ড, অপকর্ম এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা।”



By










