দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরও অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিআইডির আবেদনে সবুজ সংকেত দিল বিধাননগর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, এবার আরও বড় কোনও বিপদে পড়তে চলেছে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।
অষ্টাদশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে একাধিকবার উস্কানিমূলক মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক জনসভা থেকে তাঁকে ‘ডিজে বাজানো হবে’ বলতে শোনা গিয়েছে। বিষয়টি নিয়ে তখন রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। তরজাও অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল তাঁর এই মন্তব্যকে ঘিরে। লাগাতার তৃণমূলকে কটাক্ষের মুখে পড়তে হচ্ছিল গেরুয়া শিবিরের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন জনৈক ব্যক্তি। সেই মামলার এখন তদন্ত করছে সিআইডি। সম্প্রতি ডায়মন্ড হারবার সাংসদের বাড়িতে তলবের নোটিশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী তিনি হাজিরা দেন। সম্প্রতি সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানায়। মঙ্গলবার তাতে রাজি হয় বিধাননগর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত।
বিচারকের তরফ থেকে নির্দেশনামায় জানানো হয় যে আগামী ৩০ জুন বিকেলে এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবেন মামলার তদন্তকারী অফিসার ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। এবার দেখার বিষয় যে ডায়মন্ড হারবার সাংসদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে কোনও বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা। কী হতে চলেছে এবার? এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এখন ঘোরাফেরা করছে বাংলার রাজনৈতিক মহলে।



By










