দেবজিৎ মুখার্জি, কলকাতা: সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে জোরকদমে ময়দানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দলের তরফ থেকে পরিকল্পনা করা হয়েছে ২ জুন ধর্মতলায় অবস্থান-বিক্ষোভে বসার। পুলিশের অনুমতিও নেওয়া হয়েছে। তা পেলেই মঞ্চে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
ঠিক সেদিনই, অর্থাৎ ২ জুন, বীরভূম জেলার নানুর সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ভোট পরবর্তী হিংসায় আহত ও আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করবেন ঘাসফুল শিবিরের সেনাপতি। শুধু তাই নয়, তাঁদের পাশে দাঁড়িয়ে আইনি ও আর্থিক সাহায্যের আশ্বাসও দেবেন তিনি এবং খতিয়ে দেখবেন এলাকার রাজনৈতিক পরিস্থিতি।
প্রসঙ্গত, আজই আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাবেন বেলেঘাটা ও সোনারপুর দক্ষিণে। রাজনৈতিক মহলের মতে, এই দুঃসময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ময়দানে নামা দলকে অনেকটাই চাঙ্গা করবে এবং এতে মনোবল বাড়বে কর্মীদের। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে কিভাবে নিজেদের প্রস্তুত করে ঘাসফুল শিবির, সেটাই এখন নজরে রাখার মতো বিষয়।



By











