দেবজিৎ মুখার্জি, কলকাতা: শীঘ্রই রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। কদিন আগে রাজ্যের স্বরাষ্ট্রদপ্তরের তরফ থেকে এই ব্যাপারে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। তবে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। কিন্তু এই কাজ দ্রুতগতিতে এগোনোর ব্যাপারে এবার তৎপর রাজ্য সরকার। বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ বৈঠকে বসছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনগণনাকে কেন্দ্র করে বৈঠকে বসবেন নবান্ন সভাঘরে এবং তাতে সকল জেলাশাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগেই জানানো হয়েছিল যে প্রিন্সিপাল সেন্সাস অফিসার হিসেবে জেলাশাসকদের নিয়োগ করা হচ্ছে। তাঁদের নিয়ে বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে প্রশিক্ষণ দেওয়া হবে জনগণনা ঘিরে নানা কার্যক্রম ও প্রক্রিয়া নিয়ে । কোন কোন প্রক্রিয়ায় জনগণনা হবে, মানুষ কোথায় কীভাবে তথ্য জমা দেবে, সেই সংক্রান্ত একটি তথ্যও সামনে এসেছে।
জেনে নিন জনগণনা নিয়ে দরকারি তথ্যগুলি
জেলাশাসকরা এইচএলও অ্যাপ ব্যবহার করবেন তথ্য সংগ্রহের জন্য। একটি টোল ফ্রি নম্বর দেওয়া থাকবে সাধারণ মানুষের জন্য। ১১৮৫ হল টোল-ফ্রি হেল্পলাইন নম্বর। এই নম্বরে যোগাযোগ করতে পারবেন জনগণনা নিয়ে কোনও তথ্য জানতে চাইলে। মানুষ নিজেদের পরিবারের তথ্য জমা দিতে পারবেন সরকারের নির্দিষ্ট পোর্টালের দ্বারা। তথ্য জমা দেওয়ার পর তৈরি হবে একটি সেল্ফ-এনুমারেশন আইডি। পরে সেই তথ্য সংগ্রহ করা হবে বাড়ি বাড়ি গিয়ে। জানা গিয়েছে, তথ্য সংগ্রহের কাজ চলবে আগস্ট মাসের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত। অনলাইনে নিজের যাঁরা তথ্য জমা দিতে পারবেন না, তথ্য সংগ্রহ তাঁদের বাড়ি গিয়ে করা হবে।



By










