দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার অস্বস্তির মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার তিনি গিয়েছিলেন নিমতা থানায় একটি স্মারকলিপি জমা দিতে। তিনি বেরোতেই তাঁকে ঘিরে দেখানো হয় বিক্ষোভ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, তাঁকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন একদল বিক্ষোভকারী। শুধু তাই নয়, পচা ডিম পর্যন্ত ছোড়া হয়। যদিও তা লাগে তাঁর গাড়িতে।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূল সাংসদ বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তোলেন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের তরফ থেকে হামলা চালানো হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, “এতে বিজেপির হাত নেই এবং এমন কাজ আমরা সমর্থন করি না।” যদিও তিনি এই মন্তব্য করেছেন যে ঘটনাটি অবাঞ্ছিত হলেও অস্বাভাবিক নয়।
প্রসঙ্গত, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। বলা ভালো, এখনো পড়ে চলেছেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘চোর চোর’ স্লোগান শুনতে হয়েছে। প্রতিনিয়তই নানারকম অস্বস্তিতে পড়তে হচ্ছে গোটা ঘাসফুল শিবিরকে। এবার দেখার বিষয় যে কিভাবে এই পরিস্থিতি কাটিয়ে লড়াইয়ের ময়দানে ফেরে তারা।



By










