দেবজিৎ মুখার্জি, কলকাতা: নির্বাচনী প্রচার চলাকালীন একাধিকবার গেরুয়া শিবিরের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বন্ধ করবে তোষণের রাজনীতি। এবার সেই পথেই হাঁটল তারা। কী হয়েছে? নবান্নের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হল ধর্মীয় শ্রেণিভিত্তিক যাবতীয় সহায়তামূলক প্রকল্প বন্ধ করার। বিষয়টি নিয়ে এই মুহূর্তে জোর আলোচনা চলছে বঙ্গ রাজনৈতিক মহলে।
সোমবার নবান্নে ছিল দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। সকল রাজ্যবাসীরই নজর ছিল যে আজ কি সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। এদিন একাধিক বিষয়ে আলোচনা করা হয় বৈঠকে। তার মধ্যে অন্যতম ছিল ধর্মভিত্তিক সমস্ত প্রকল্প। সেই ব্যাপারে কড়া পথে হাঁটে সরকার। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং জানান যে আগামী মাস থেকে তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মের ভিত্তিতে যেসব প্রকল্পগুলি চালু ছিল, তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তবে এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে সেই প্রকল্পগুলির সুবিধা পাওয়া যাবে চলতি মাস পর্যন্ত।
অগ্নিমিত্রা পালের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়, “কোনও বিশেষ শ্রেণিকে ধর্মের ভিত্তিতে আলাদা করে দেওয়া হবে না সরকারি সহায়তা। খুব শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি এই বিষয়ে প্রকাশ করা হবে।” সুতরাং এটি স্পষ্ট যে বন্ধ হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিত ভাতার মতো প্রকল্পগুলিও। যদিও বিজেপি সরকারেরর তরফ থেকে সেই প্রকল্পগুলির নাম এখনো আলাদাভাবে ঘোষণা করা হয়নি। এবার দেখার শেষ পর্যন্ত কি হয়।



By










