দেবজিৎ মুখার্জি, কলকাতা: নির্বাচনী প্রচারেই গেরুয়া শিবিরের তরফ থেকে একাধিকবার বুঝিয়ে দেওয়া হয়েছিল যে রাজ্যে ক্ষমতায় এলে নারী সুরক্ষা ও নারী কল্যাণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এবার ঠিক সেটাই হলো। সোমবার দ্বিতীয় মন্ত্রীসভার বৈঠকের পর ঘোষণা করা হলো যে ১লা জুন থেকে রাজ্যের সরকারি বাসগুলিতে ভাড়া গুনতে হবে না মহিলাদের। অর্থাৎ বিনামূল্যে যাতায়াত করবেন তাঁরা।
সোমবার নবান্নে হয় দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। তার মধ্যে ছিল সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতও। বৈঠক শেষের সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি এই ব্যাপারে ঘোষণাটি করেন। তিনি জানান, রাজ্যবাসীর সুবিধার্থে এবং সরকারি কর্মচারীদের বহুদিনের দাবি পূরণে একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে মন্ত্রিসভার তরফ থেকে, যার মধ্যে অন্যতম রাজ্যের সকল সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা। জানানো হয়েছে, এই অনুমোদন দেওয়ার নেপথ্যে নারী সুরক্ষায় গতি আনার পাশাপাশি আরো সহজ করে তোলা যাতায়াত।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসার পর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী, যা ঘিরে জোর আলোচনা চলছে বঙ্গ রাজনীতিতে। বিভিন্ন মহল থেকে প্রশংসা করা হলেও সমালোচনা করেছেন অনেকে। একাধিকবার তিনি পরিষ্কার করে দিয়েছেন দলের অবস্থান ও কী নীতিতে হাঁটবে তারা। এবার দেখার বিষয় যে গেরুয়া শিবিরের এই বড় পদক্ষেপ কি ফল দেয় আগামীদিনে। কী হয় শেষ পর্যন্ত, সেটাই এখন দেখার বিষয়।



By










