• Home
  • জেলার খবর
  • জুন মাসের প্রথম দিন থেকে ঢুকতে শুরু করবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা

জুন মাসের প্রথম দিন থেকে ঢুকতে শুরু করবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রাখল রাজ্যের নতুন সরকার, অর্থাৎ বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে এবার চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। সোমবার দ্বিতীয় মন্ত্রীসভার বৈঠকের পর ঘোষণাটি করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রত্যেক মাসে ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করবে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে জুন মাসের প্রথম দিন থেকে।

সোমবার নবান্নে হয় দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। তার মধ্যে ছিল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ও। রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বৈঠক শেষে জানান যে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় থাকা মহিলারা সরাসরি সুবিধা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এও স্পষ্ট করে দেন যে প্রকল্পের আওতায় থাকবেন এসআইআরে নাম বাদ যাওয়া বা ট্রাইব্যুনালে আবেদনকারীরাও।

এখানেই শেষ নয়, এর সঙ্গে এও ঘোষণা করা হয়েছে যে যেই মহিলারা নাগরিকত্ব পেয়েছেন সিএএর দ্বারা, তাঁরাও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। অগ্নিমিত্রা পালের তরফ থেকে এও জানানো হয় যে শীঘ্রই এক অনলাইন পোর্টাল চালু করা হবে নয়া আবেদনকারীদের জন্য, যার দ্বারা আবেদন জমার পর নথি যাচাই হবে এবং সব ঠিকঠাক থাকলে উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।

রাজনৈতিক মহলের একাংশের মতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসে নারী সুরক্ষা ও নারী কল্যাণের উপর বিশেষ গুরুত্ব দিতে চাইছে। তবে দেখার বিষয় যে রাজ্যের মহিলারা কতটা উপকৃত হবেন অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বারা। কী হয় আগামীদিনে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top