• Home
  • জেলার খবর
  • উপনির্বাচনমুখী ফলতায় গ্রেফতার জাহাঙ্গির ঘনিষ্ঠ তৃণমূল নেতা

উপনির্বাচনমুখী ফলতায় গ্রেফতার জাহাঙ্গির ঘনিষ্ঠ তৃণমূল নেতা

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে পালাবদলের পর থেকে নানাভাবে চাপে পড়ে চলেছে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার তা আরো বৃদ্ধি হল। ফলতায় উপনির্বাচনের আগে গ্রেফতার জাহাঙ্গির খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা, তথা ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, সাইদুল খান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে। 

অনেকদিন ধরেই ধৃত সাইদুলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, যার মধ্যে অন্যতম হত্যার চেষ্টা ও রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগ। তার তদন্তে নেমে সাইদুলের বাড়িতে গভীর রাতে হানা দেওয়া হয় ফলতা থানার পুলিশের তরফ থেকে এবং গ্রেফতার করা হয় তাঁকে। চলতি মাসের ২১ তারিখে সেখানে উপনির্বাচন এবং তার আগে এমনটা ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘাসফুল শিবিরের বিরুদ্ধে।

প্রসঙ্গত, বহুদিন পর ফলতায় প্রকাশ্যে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানকে। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে তিনি যান শ্রীরামপুরে নিজের দলীয় অফিসে, যেখানে বিজেপি কর্মীরা, ফল ঘোষণার পর, ভাঙচুর চালিয়ে গেরুয়া শিরবিরের পতাকা লাগিয়ে দিয়েছিলেন। এতদিন কোথায় ছিলেন তিনি? সেই প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থীর বক্তব্য, “ক্ষমতায় আসার পর যেভাবে বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রোজ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে তৃণমূল নেতা-কর্মীদের, তাই প্রকাশ্যে আসেনি এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে। আমাকে বাড়িতে ফিরিয়েছে পুলিশ। ডাহা মিথ্যা কথা। বাড়িতেই ছিলাম। যেভাবে অত্যাচার চালাচ্ছে প্রশাসন, জনসম্মুখে আসেনি অশান্তি এড়াতে।” এবার দেখার বিষয় যে ফলতায় আসন্ন উপনির্বাচনে কেমন ফলাফল করে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top