• Home
  • জেলার খবর
  • দলীয় কর্মীদের ডাকে সশরীরে উপস্থিত থাকার প্রতিশ্রুতি অভিষেকের

দলীয় কর্মীদের ডাকে সশরীরে উপস্থিত থাকার প্রতিশ্রুতি অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হয়ে চলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা, যা ঘিরে উত্তপ্ত ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি। ইতিমধ্যেই জল আদালত পর্যন্ত গড়িয়েছে। কোর্টে প্রশ্ন করতে গিয়েছিলেন খোদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক কথায়, এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ঘাসফুল শিবিরের সকল সদস্য। 

এই আবহে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক ভিডিও বার্তার দ্বারা দলের সকলকে মনে করিয়ে দেন যে ঘাসফুল শিবির ময়দানে লড়াই করে উঠে আসা একটি দল। শুধু তাই নয়, বর্তমানে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা দল, সেটাকে তিনি ‘অগ্নিপরীক্ষা’ বলে দাবি করলেন এবং সকল কর্মীকে একজোট হওয়ার বার্তা দেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে ইতিমধ্যেই দলের ১০ জন একনিষ্ঠ সৈনিক নিহত হয়েছেন, যা বেশ উদ্বেগজনক। তবে তিনি মনে করিয়ে দেন যে ঘাসফুল শিবিরের আসল শক্তি দলীয় কর্মীদের ঐক্যই। পাশাপাশি, এক বড় ঘোষণা করেন তিনি। ঘাসফুল শিবিরের সেনাপতির বক্তব্য, বিজেপির অত্যাচারের বিরুদ্ধে যেখানেই দলীয় কর্মীরা ডাকবেন, সেখানেই তিনি উপস্থিত হবেন সশরীরে। রাজনৈতিক মহলের মতে, দলের এই দুর্দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা মনোবল চাঙ্গা করবে সকল স্তরের কর্মীদের, যা আগামীদিনে কাজে লাগবে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে।

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ফল বেরিয়েছে ২৯৩টি আসনের। ২০০র বেশি আসন পেয়ে জয় পাওয়ার পাশাপাশি ইতিহাস গড়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস ১০০র কম আসন পেয়েছে। খাতা খুলেছে বাম, কংগ্রেস, আইএসএফ ও হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও। 

তবে এবারের ভোটের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই স্পর্শকাতর আসন থেকেই জয় পাওয়া। বিশেষ করে ভবানীপুরে ১৫ হাজারেরও বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা। এছাড়াও বঙ্গ রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে ঘাসফুল শিবিরের সিংহভাগ হেভিওয়েট প্রার্থীর পরাজয়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী এবং এর সঙ্গে শুরু হয় বঙ্গ রাজনীতির এক নয়া অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top