দেবজিৎ মুখার্জি, নদীয়া: সাতসকালে তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমাকে ঘিরে চাঞ্চল্য নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, শ্যামনগরের বাসিন্দা নিতাই চন্দ্র সাহা তৃণমূল কংগ্রেসের অনেকদিনের সক্রিয় কর্মী। মঙ্গলবার ভোরবেলা বাড়ির পাঁচিলের উপর একটি হুমকি চিঠি ও বোমা দেখতে পান তাঁর পরিবারের লোকেরা। অভিযোগ, চিঠিতে অকথ্যভাষায় গালিগালাজ সহ হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে ওঠেন এলাকাবাসীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরকটি উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ।
পরিবারের বক্তব্য, ওই বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনা এই মাসের ৫ তারিখেও ঘটেছিল। তাদের দাবি, সক্রিয় তৃণমূল কর্মী হওয়ায় এই আক্রমণ পরিকল্পিতভাবে চালানো হচ্ছে। আক্রান্ত পরিবারের সদস্য পায়েল সাউয়ের বক্তব্য, “গত ৫ তারিখ ৪-৫ জন দুষ্কৃতী টোটো করে এসে ভেঙে দিয়েছিল আমাদের বাড়ির কল ও জানলার কাঁচ। আজ ভোর চারটে নাগাদ বেরিয়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য। তখন দেখি চিঠি ও বোমা রাখা পাঁচিলের উপর। চিঠিতে গালিগালাজ দিয়ে লেখা রয়েছে – বোমা রেখে গেলাম আজ, ছেড়ে দেবো কাল। পুলিশের কাছে বিচার চাইছি আমরা। কিন্তু এখনো সঠিক গুরুত্ব দিচ্ছে না প্রশাসন।”



By










